বিপিএলের দ্বাদশ আসর শুরু হতে আর মাত্র কয়েক ঘণ্টা বাকি। তার আগেই নতুন মৌসুমের জন্য অধিনায়কের নাম ঘোষণা করেছে সিলেট টাইটান্স। দলটির নেতৃত্বে থাকছেন জাতীয় দলের অলরাউন্ডার ও বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।
এক বিজ্ঞপ্তিতে সিলেট টাইটান্স জানিয়েছে, আনন্দের সঙ্গে তারা মিরাজকে অধিনায়ক হিসেবে দায়িত্ব দিচ্ছে। তার নেতৃত্বের ওপর পূর্ণ আস্থা রয়েছে বলেও উল্লেখ করেছে ফ্র্যাঞ্চাইজিটি।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মিরাজের নেতৃত্বে এবারের বিপিএলে ভালো কিছু করতে পারবে এমন বিশ্বাস থেকেই তাকে অধিনায়ক করা হয়েছে।
এদিকে বিপিএলের নিয়ম অনুযায়ী ক্রিকেটার ও টিম ম্যানেজমেন্টের ২৫ শতাংশ পারিশ্রমিক পরিশোধের বিষয়টি নিশ্চিত করেছে সিলেট। পাশাপাশি খেলোয়াড়দের অগ্রিম ১৫ দিনের দৈনিক ভাতাও দেওয়া হয়েছে।
আগামীকাল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে সিলেট টাইটান্স। তাদের প্রতিপক্ষ রাজশাহী ওয়ারিয়র্স। একই দিনে সন্ধ্যায় আরেক ম্যাচে মুখোমুখি হবে নোয়াখালী এক্সপ্রেস ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন