ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ট্রফি ছাড়াই শুরু হলো বিপিএলের দ্বাদশ আসর

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ২৬, ২০২৫, ০৩:৫৯ পিএম
ছবি : সংগৃহীত

নানা বিতর্ক ও জটিলতার মধ্য দিয়ে ট্রফি ছাড়াই আজ শুরু হলো বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসর।

শুরুর আগে বড় পরিসরের উদ্বোধনী অনুষ্ঠান হওয়ার কথা থাকলেও ‘নিরাপত্তার’ কারণে তা বাতিল করা হয়। পরে প্রথম ম্যাচের ভেন্যু সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ছোট পরিসরে আয়োজন করার ঘোষণা দেয় বিসিবি।

আজ (২৬ ডিসেম্বর) বিকেল ৩টায় মুখোমুখি হয়েছে রাজশাহী ওয়ারিয়র্স ও সিলেট টাইটান্স। দিনের দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে খেলবে নোয়াখালী এক্সপ্রেস ও চট্টগ্রাম রয়্যালস।

উদ্বোধনী ম্যাচের আগে দুই দলের ক্রিকেটাররা জাতীয় সংগীত গেয়ে এবং কুরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু করেন। শহীদ ওসমান হাদির স্মরণে এক মিনিট নীরবতা পালন করার পর বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল হাজার হাজার বেলুন উড়িয়ে খেলার শুভ উদ্বোধন ঘোষণা করেন।

এদিকে, এবারের বিপিএল ট্রফি উদ্বোধনী দিনে মাঠে দেখা যায়নি। বিদেশ থেকে ট্রফি আসার কারণে তা এখনো পৌঁছায়নি। এই কারণে ‘ক্যাপ্টেনস ডে’ অনুষ্ঠানও হয়নি।

উদ্বোধনী অনুষ্ঠানের দ্বিতীয় অংশ চলমান ম্যাচের পরে হবে। এতে ৬ ফ্র্যাঞ্চাইজির জার্সি পরা শিল্পীরা নাচ ও গান পরিবেশন করবেন। ৪৫ মিনিটের অনুষ্ঠান শেষে সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে মাঠে নামবে নোয়াখালী এক্সপ্রেস ও চট্টগ্রাম রয়্যালস।