নতুন বছর ২০২৬ শুরু করল আধ্যাত্মিকতা ও শান্তির মধ্য দিয়ে ভারতীয় নারী ক্রিকেট দল। বছরের প্রথম দিন বৃহস্পতিবার (১ জানুয়ারি) মধ্যপ্রদেশের উজ্জয়নে অবস্থিত ঐতিহাসিক মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গ মন্দিরে গিয়ে প্রার্থনা করেন বিশ্বকাপজয়ী নারী দলের একাধিক সদস্য।
আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপ ২০২৫ জয়ের পর দলের বেশ কয়েকজন ক্রিকেটার অংশ নেন ভোরের পবিত্র ভস্ম আরতিতে, যা তাদের ভগবান শিবের উদ্দেশে নিবেদিত অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় আচার।
ভারতীয় দলের তারকা ব্যাটার স্মৃতি মান্ধানা, শেফালি ভার্মা, রেণুকা সিং ঠাকুর, স্নেহ রানা, রাধা যাদব ও অরুন্ধতী রেড্ডিকে ভোরবেলা মন্দির প্রাঙ্গণে প্রার্থনায় অংশ নিতে দেখা যায়। তারা সুস্বাস্থ্য, সাফল্য এবং আন্তর্জাতিক ক্রিকেটে আরও ভালো একটি বছরের জন্য আশীর্বাদ কামনা করেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, মন্দিরের ভেতরে শান্তভাবে বসে প্রার্থনায় মগ্ন ভারতীয় নারী ক্রিকেটাররা। মন্দিরের নিয়ম অনুযায়ী তারা পুরোহিতের কাছ থেকেও আশীর্বাদ গ্রহণ করেন।
মহাকালেশ্বর মন্দির শিবের ১২টি পবিত্র জ্যোতির্লিঙ্গের একটি। ভোররাতে অনুষ্ঠিত ভস্ম আরতি দেখতে প্রতিদিনই দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা এখানে আসেন। নতুন বছরের প্রথম দিন মন্দিরে ছিল বিপুল সংখ্যক ভক্তের উপস্থিতি।
২০২৫ সাল শেষ করেছে দারুণ সাফল্যের সঙ্গে ভারতীয় নারী দল। শ্রীলঙ্কা নারী দলের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ৫–০ ব্যবধানে হোয়াইটওয়াশ করে বছর শেষ করে তারা। তিরুবনন্তপুরমে সিরিজের শেষ ম্যাচে ১৫ রানে জয় পায় ভারত।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন