ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ায় ক্ষুব্ধ মঈন আলি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ৭, ২০২৬, ০২:৩৬ পিএম
মঈন আলি ও মুস্তাফিজুর রহমান। ছবি : সংগৃহীত

ভারত ও বাংলাদেশের মধ্যকার চলমান কূটনৈতিক টানাপোড়েন এবার প্রভাব ফেলেছে ক্রিকেট অঙ্গনেও। এ পরিস্থিতির সবচেয়ে বড় শিকার হয়েছেন বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমান। আইপিএলের আসন্ন আসর থেকে তাকে বাদ দেওয়ার ঘটনায় আন্তর্জাতিক ক্রিকেট মহলে তীব্র সমালোচনা শুরু হয়েছে।

আইপিএল ২০২৬ নিলামে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) মুস্তাফিজকে ৯ কোটি ২০ লাখ রুপিতে দলে নেয়। এতে বাংলাদেশি সমর্থকদের পাশাপাশি কেকেআরের ভক্তরাও উচ্ছ্বসিত হন। তবে ভারত-বাংলাদেশের রাজনৈতিক উত্তেজনার জেরে হঠাৎ করেই তাকে দল থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেয় ফ্র্যাঞ্চাইজিটি।

এ সিদ্ধান্তকে অন্যায় ও হতাশাজনক বলে মন্তব্য করেছেন ইংল্যান্ডের তারকা অলরাউন্ডার মঈন আলি। এক সাক্ষাৎকারে তিনি বলেন, বর্তমান পরিস্থিতি ক্রিকেটের জন্য ভয়ংকর হয়ে উঠছে।

মঈন বলেন, আমি মনে করি, ভবিষ্যতে ক্রিকেটকে ফুটবলের মতো কাঠামোয় যেতে হতে পারে। বিশ্বকাপ, আইসিসি ইভেন্ট আর এক-দুটি বড় সিরিজ থাকবে, বাকি সব হবে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট।

কারণ খেলাটা আগেই নানা সমস্যায় আছে, তার ওপর মুস্তাফিজের সঙ্গে যা হলো, সেটা পরিস্থিতিকে আরও খারাপ করেছে।

তিনি বলেন, আমি সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছি মুস্তাফিজের জন্য। বছরের পর বছর ধারাবাহিক পারফরম্যান্স করে সে এই চুক্তি পেয়েছিল। এটা তার ক্যারিয়ারের জন্য বড় সুযোগ ছিল। কিন্তু শেষ পর্যন্ত তাকেই সবচেয়ে বেশি ভুগতে হলো।

তিনি আরও বলেন, এটা শুধু মুস্তাফিজের সমস্যা না। পাকিস্তান, বাংলাদেশ—এই দেশগুলোর সঙ্গে নানা ইস্যু আছে। এভাবে চলতে পারে না। এখানে বড় ধরনের সমস্যা রয়েছে।

মুস্তাফিজ ইস্যুর জেরে বাংলাদেশে আইপিএলের সম্প্রচার বন্ধ ঘোষণা করা হয়েছে। পাশাপাশি বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) এক ভারতীয় উপস্থাপককে বাদ দেওয়ার ঘটনাও আলোচনার জন্ম দিয়েছে।

এতে করে অনেকেই আশঙ্কা করছেন, ভারত-বাংলাদেশের ক্রিকেট সম্পর্ক ভারত-পাকিস্তান ধাঁচের উত্তেজনার দিকে যাচ্ছে।

এ ছাড়া আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন মঈন আলি। সরাসরি নাম না নিলেও তিনি ইঙ্গিত দিয়েছেন ভারতের প্রভাব ও আইসিসির পক্ষপাতিত্বের দিকে।