ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

দেশের ক্রিকেট ও বিসিবিকে নিয়ে যা বললেন তামিম

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ৮, ২০২৬, ০৯:০৭ পিএম
তামিম ইকবাল। ছবি : সংগৃহীত

জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল বাংলাদেশ ক্রিকেটের বর্তমান পরিস্থিতিকে ‘সংকটময়’ হিসেবে আখ্যায়িত করেছেন। তিনি বলেছেন, ক্রিকেট বোর্ডের কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আবেগ নয়, বরং দীর্ঘমেয়াদী প্রভাব ও খেলোয়াড়দের স্বার্থকেই গুরুত্ব দিতে হবে।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তামিম বলেন, হুটহাট কোনো মন্তব্য বা আবেগী সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না। আলোচনার মাধ্যমে সব জটিল বিষয় সমাধান করা সম্ভব। সঠিক সংলাপ অনেক বড় সমস্যা সমাধান করতে পারে।

তিনি বিসিবিকে আগামী দশ বছরের পরিকল্পনা মাথায় রেখে সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দিয়েছেন।

তামিম বলেন, আজকে যে সিদ্ধান্ত নেওয়া হবে, তার প্রভাব আগামী এক দশকে বাংলাদেশের ক্রিকেটের ওপর পড়বে। তাই শুধুমাত্র বর্তমান পরিস্থিতি বিবেচনা করলে চলবে না, ভবিষ্যতের দিকে তাকিয়ে পদক্ষেপ নেওয়া জরুরি।

তিনি আরও বলেন, সরকারের সঙ্গে আলোচনার প্রয়োজন থাকলেও বিসিবির নিজস্বভাবে সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা রাখার অধিকার থাকা উচিত।

সাবেক অধিনায়ক বলেন, বোর্ড যদি মনে করে কোনো সিদ্ধান্ত দেশের ক্রিকেট ও খেলোয়াড়দের জন্য মঙ্গলজনক, তবে সেটি নেওয়ার পূর্ণ অধিকার তাদের থাকা উচিত।

তিনি সতর্ক করে বলেন, সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে শুধুমাত্র জনমতের ওপর নির্ভর করা ঠিক নয়। মাঠে খেলার সময় দর্শকের আবেগ থেকে অনেক মন্তব্য আসবেই। কিন্তু শুধুমাত্র জনমতের ওপর ভিত্তি করে বড় কোনো সংস্থা পরিচালনা সম্ভব নয়।

নিজের অবস্থান স্পষ্ট করে তামিম বলেন, বর্তমানে তিনি বোর্ডের কোনো পদে নেই, তাই নির্দিষ্ট কোনো বিষয়ে সরাসরি মন্তব্য করবেন না। তবে বোর্ডে থাকলে দেশের এবং খেলোয়াড়দের স্বার্থকেই সর্বোচ্চ অগ্রাধিকার দিতেন।