নেদারল্যান্ডস ক্রিকেট দল তাদের ১৫ সদস্যের টি-টোয়েন্টি বিশ্বকাপ দল ঘোষণা করেছে। নিয়মিত অধিনায়ক স্কট এডওয়ার্ডস এই দলের নেতৃত্বে থাকবেন। এবং অলরাউন্ডার হিসেবে দলে সুযোগ পেয়েছেন সাকিব জুলফিকার।
দলে ফিরেছেন অভিজ্ঞ খেলোয়াড় কলিন অ্যাকারম্যান, রোয়েলফ ফন ডার মারউই, বাস ডি লিডে, টিম ফন ডার গুগটেন, লোগান ফন বিক, মাইকেল লেভিট ও জ্যাক লায়ন-ক্যাশেট। এদের মধ্যে কয়েকজনই সাম্প্রতিক ইউরোপ অঞ্চলের টি-টোয়েন্টি বাছাইপর্বের ফাইনালে খেলেছিলেন।
অলরাউন্ডার কলিন অ্যাকারম্যান সর্বশেষ ২০২৪ সালের নভেম্বরে ইংল্যান্ডের ঘরোয়া টুর্নামেন্টে খেলেছেন। নেদারল্যান্ডসের হয়ে ২৫ টি-টোয়েন্টি ম্যাচে তিনি ৫১৫ রান করেছেন এবং ১১ উইকেট শিকার করেছেন।
পেসার টিম ফন ডার গুগটেনও ২০২৪ সালে শেষবার জাতীয় দলের হয়ে খেলেছেন। তার অভিজ্ঞতা ৪৯ টি-টোয়েন্টি ম্যাচে ৫২ উইকেট ও ১৬৮ রান। পেসার লোগান ফন বিক ২০২৪ সালের বিশ্বকাপের পর জাতীয় দলে খেলেননি।
অধিনায়ক এডওয়ার্ডস ছাড়াও দলে রয়েছেন দুই উইকেটকিপার কাইল ক্লেইন ও নোয়া ক্রোস, যদিও তাঁদের এখনও বিশ্বকাপে অভিজ্ঞতা নেই।
নেদারল্যান্ডসের গ্রুপ ‘এ’-তে প্রতিপক্ষ হিসেবে রয়েছে ভারত, পাকিস্তান, নামিবিয়া এবং যুক্তরাষ্ট্র।
নেদারল্যান্ডসের বিশ্বকাপ দল
স্কট এডওয়ার্ডস (অধিনায়ক ও উইকেটরক্ষক), নোয়া ক্রোস (উইকেটরক্ষক), ম্যাক্স ও’ডাউড, সাকিব জুলফিকার, আরিয়ান দত্ত, কাইল ক্লেইন, পল ফন মিকেরেন, ফ্রেড ক্লাসেন, কলিন অ্যাকারম্যান, বাস ডি লিড, মাইকেল লেভিট, জ্যাক লায়ন-ক্যাশেট, লোগান ফন বিক, রোয়েলফ ফন ডার মারউই, টিম ফন ডার গুগটেন।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন