বিসিবি পরিচালক নাজমুল ইসলামের বিতর্কিত বক্তব্যের প্রতিবাদে মাঠে না নামার সিদ্ধান্ত নিয়েছেন দেশের ক্রিকেটাররা। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিপিএলের প্রথম ম্যাচে কোনো দলই মাঠে নামেনি।
এই পরিস্থিতি নিয়ে আজ সংবাদ সম্মেলনে কথা বলেন ক্রিকেটাররা। সেখানে বাংলাদেশ জাতীয় ওয়ানডে দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ বলেন, একজন বোর্ড পরিচালকের মুখে এমন মন্তব্য মোটেও প্রত্যাশিত নয়।
মিরাজ বলেন, ‘আমরা সবসময় বলে আসছি, বোর্ড আমাদের অভিভাবক। সেই জায়গা থেকে এ ধরনের মন্তব্য আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক।’
তিনি আরও বলেন, প্রায়ই শোনা যায়, ‘আমাদের টাকায়ই তো তোমরা চলছ।’ এই ধারণাকে পুরোপুরি ভুল বলে উল্লেখ করেন তিনি।
মিরাজ বলেন, ‘বোর্ডের যে অর্থ, তা কোনো একক ব্যক্তির নয়। আমরা যে টাকা আয় করি, তার বড় একটি অংশ আসে আইসিসি ও স্পন্সরদের কাছ থেকে। বাংলাদেশের জার্সি গায়ে যারা একটি ম্যাচও খেলেছে, তাদের প্রত্যেকেরই এতে অবদান আছে। প্রতিটি ক্রিকেটারের কষ্টের বিনিময়েই আজ বোর্ড এই জায়গায়।’
তিনি বলেন, খেলা হচ্ছে বলেই বোর্ড ভালো অবস্থানে আছে। খেলা না হলে স্পন্সর আসবে না, আইসিসি থেকেও লভ্যাংশ পাওয়া যাবে না।
নাজমুল ইসলামের মন্তব্যকে কেবল ব্যক্তিগত পর্যায়ের বলে দেখতে চান না মিরাজ। তার মতে, এটা শুধু ব্যক্তিগত নয়, পুরো ক্রীড়াঙ্গনের জন্যই লজ্জাজনক। উনি বুঝে বলেছেন নাকি না বুঝে তা উনিই ভালো জানেন। তবে দায়িত্বশীল জায়গায় থেকে এমন মন্তব্য করা উচিত নয়।
সমালোচনা প্রসঙ্গে মিরাজ বলেন, ‘আমরা সবসময় ভালো খেলার চেষ্টা করি। পারফর্ম না করলে সমালোচনা হবেই। এমন কোনো খেলোয়াড় নেই, যাকে সমালোচনার মুখে পড়তে হয়নি।’


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন