ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

মরক্কোর আক্ষেপ বনাম মানের বিদায়ী মঞ্চ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ১৮, ২০২৬, ০৩:৩৭ পিএম
ছবি : সংগৃহীত

ঐতিহাসিক এক মুহূর্তের অপেক্ষায় প্রহর গুনছে মরক্কোর রাজধানী রাবাত। আজকের রাতটি কেবল একটি ফুটবল ম্যাচ নয়, বরং আফ্রিকার ফুটবলে দুই পরাশক্তির আধিপত্য প্রমাণের লড়াই। প্রিন্স মাওলা আব্দুল্লাহ স্টেডিয়ামের প্রায় ৭০ হাজার দর্শকের গর্জনে মুখরিত মঞ্চে আজ মুখোমুখি স্বাগতিক মরক্কো এবং সাদিও মানের সেনেগাল।

একদিকে মরক্কোর সামনে অর্ধশতাব্দীর ট্রফি খরা কাটানোর চ্যালেঞ্জ, অন্যদিকে সেনেগালের কিংবদন্তি সাদিও মানের রাজকীয় বিদায়ের হাতছানি।

১৯৭৬ সালে যখন মরক্কো শেষবার আফ্রিকা কাপ অব নেশনসের শিরোপা জিতেছিল, বর্তমান দলের অধিনায়ক আশরাফ হাকিমির জন্মও হয়নি। ২০০৪ সালে ফাইনাল খেললেও তিউনিসিয়ার কাছে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল তাদের। 

২০২২ বিশ্বকাপে সেমিফাইনাল খেলে ইতিহাস গড়া ‘অ্যাটলাস লায়ন্স’রা এখন নিজেদের আঙিনায় সেই আক্ষেপ ঘোচাতে মরিয়া।

কোচ ওয়ালিদ রেগরাগুই আত্মবিশ্বাসের সাথে বলেন, আমরা মালি, ক্যামেরুন ও নাইজেরিয়ার মতো সেরা দলগুলোকে হারিয়ে ফাইনালে এসেছি। মরক্কো একটি ফুটবল পাগল জাতি, কিন্তু আমাদের এখন ট্রফিটা জিততে হবে। রোববারের এই ম্যাচ আমাদের ইতিহাসের পাতায় নাম লেখানোর সুযোগ।

সেনেগালের জন্য এই ফাইনালটি আবেগের এক ভিন্ন মাত্রা যোগ করেছে। দলের প্রাণভোমরা সাদিও মানে ঘোষণা করেছেন, এটাই তার শেষ আফ্রিকান নেশন্স কাপ।

৩৩ বছর বয়সী এই সাবেক লিভারপুল তারকা নিজের শেষ মঞ্চটি রাঙাতে চান দ্বিতীয় শিরোপা দিয়ে। সাদিও মানের সাথে বিদায়ী মঞ্চে থাকছেন গোলরক্ষক এদুয়ার্দ মেন্ডি এবং অধিনায়ক কালিদো কৌলিবালিও।

সাদিও মানে বলেন, আমি দেশের একজন যোদ্ধা। দাকার থেকে ট্রফি নিয়ে ফেরাই এখন আমার একমাত্র লক্ষ্য।