নিরাপত্তাজনিত উদ্বেগের কথা উল্লেখ করে আইসিসির নির্ধারিত সময়ের মধ্যেই টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে দল না পাঠানোর সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবির এই অবস্থান নিয়ে এবার মন্তব্য করেছেন ভারতের সাবেক ক্রিকেটার ও ১৯৮৩ বিশ্বকাপজয়ী দলের সদস্য মদন লাল।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডেকে দেওয়া এক সাক্ষাৎকারে মদন লাল দাবি করেন, বাংলাদেশের এই সিদ্ধান্তের পেছনে পাকিস্তানের উসকানি রয়েছে। তার মতে, ভারতকে চাপের মুখে ফেলতেই পাকিস্তান ও বাংলাদেশ একসঙ্গে এ অবস্থান নিয়েছে।
মদন লাল বলেন, আমার মনে হয়, এটা একেবারেই বোকামি সিদ্ধান্ত। এতে ভারতের কোনো ক্ষতি হবে না; বরং টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ না নিলে বাণিজ্যিক ও ক্রিকেটীয় দিক থেকে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়বে বাংলাদেশই।
তিনি আরও বলেন, আমার ধারণা, পাকিস্তানই বাংলাদেশকে বিশ্বকাপে না খেলার জন্য উসকানি দিচ্ছে। তাদের একমাত্র উদ্দেশ্য ভারতকে হেয় করা এবং চাপ সৃষ্টি করা।
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের ‘সি’ গ্রুপে রয়েছে বাংলাদেশ। গ্রুপ পর্বে লিটন দাসদের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, নেপাল ও ইতালি।
সূচি অনুযায়ী, ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড ও ইতালির বিপক্ষে বাংলাদেশের ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল কলকাতার ঐতিহাসিক ইডেন গার্ডেনস স্টেডিয়ামে। আর নেপালের বিপক্ষে ম্যাচের ভেন্যু নির্ধারিত ছিল মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়াম।
ভারতের এ দুই শহরকে দেশটির অন্যতম নিরাপদ শহর হিসেবে উল্লেখ করে মদন লাল বলেন, বাংলাদেশের খেলার কথা ছিল মুম্বাইয়ে, যেটি ভারতের সবচেয়ে নিরাপদ শহরগুলোর একটি। এই সিদ্ধান্তে ভারতীয় ক্রিকেট বোর্ডের তেমন কিছু আসে-যায় না।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন