ইংল্যান্ড ক্রিকেটে নতুন এক মাইলফলক স্পর্শ করলেন উইকেটকিপার-ব্যাটার জস বাটলার। শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে মাঠে নেমে ইংল্যান্ডের হয়ে তিন ফরম্যাট মিলিয়ে সর্বোচ্চ আন্তর্জাতিক ম্যাচ খেলার রেকর্ড গড়েছেন তিনি।
এই ম্যাচটি ছিল ইংল্যান্ডের জার্সিতে বাটলারের ৪০২তম আন্তর্জাতিক ম্যাচ। এর মাধ্যমে তিনি দীর্ঘদিনের রেকর্ডধারী কিংবদন্তি পেসার জেমস অ্যান্ডারসনকে (৪০১ ম্যাচ) পেছনে ফেলেছেন।
একই ম্যাচে টি-টোয়েন্টি ক্রিকেটেও আরেকটি বড় অর্জন যুক্ত হয়েছে বাটলারের নামের পাশে। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় তিনি উঠে এসেছেন চতুর্থ স্থানে।
শ্রীলঙ্কার বিপক্ষে ২৯ বলে ৩৯ রানের কার্যকর ইনিংস খেলে ইংল্যান্ডকে ৬ উইকেটের জয় এনে দেন এই ডানহাতি ব্যাটার। এখন পর্যন্ত ১৪৬ টি-টোয়েন্টি ম্যাচে ৩৫.৩৬ গড়ে তার মোট রান ৩ হাজার ৯২৫। এই ফরম্যাটে তার রয়েছে একটি শতক ও ২৮টি অর্ধশতক।
ইতোমধ্যেই ইংল্যান্ডের হয়ে টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রাহক বাটলার। তিনি সাবেক অধিনায়ক ইয়ন মরগানের (২ হাজার ৪৫৮ রান) রেকর্ড অনেক আগেই ছাড়িয়ে গেছেন।
তিন ফরম্যাট মিলিয়ে ইংল্যান্ডের হয়ে বাটলারের মোট আন্তর্জাতিক রান এখন ১২ হাজার ৩০৮। এর মধ্যে ৫৭টি টেস্টে তার সংগ্রহ ২ হাজার ৯০৭ রান এবং ১৯৯টি ওয়ানডেতে করেছেন ৫ হাজার ৫১৫ রান।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন