আইপিএল ২০২৬ শুরু হওয়ার ঠিক আগেই আইনি জটিলতায় জড়িয়ে পড়লেন ভারতের কিংবদন্তি অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। মাদ্রাজ হাইকোর্ট ধোনিকে নির্দেশ দিয়েছে যে, একটি দীর্ঘদিনের মানহানির মামলার নথিপত্র অনুবাদ ও অনুলিপি করার খরচ বাবদ ১০ লক্ষ টাকা জমা দিতে হবে।
১০ বছর আগে, ২০১৪ সালে ধোনি দুই সংবাদমাধ্যম, একজন সাংবাদিক এবং এক অবসরপ্রাপ্ত আইপিএস অফিসারের বিরুদ্ধে একটি মানহানির মামলা দায়ের করেছিলেন। ধোনির অভিযোগ ছিল, এই ব্যক্তিরা ২০১৩ সালের আইপিএল স্পট-ফিক্সিং ও বেটিং কেলেঙ্কারির সাথে তার নাম জড়িয়ে মিথ্যা এবং মানহানিকর বক্তব্য প্রচার করেছিল।
আদালত সূত্রে জানা যায়, ধোনির আইনি দল মামলার প্রমাণ হিসেবে বিপুল সংখ্যক কম্প্যাক্ট ডিস্ক (সিডি) জমা দিয়েছে। এই সিডিগুলোতে থাকা হিন্দি সংবাদ এবং টেলিভিশন বিতর্কের রেকর্ডগুলো অনুবাদ করা একটি অত্যন্ত জটিল এবং দীর্ঘ সময়সাপেক্ষ কাজ।
আদালত জানিয়েছে, এই কাজের জন্য একজন অনুবাদক এবং একজন টাইপিস্টের প্রায় তিন থেকে চার মাস সময় প্রয়োজন হবে।
বিচারপতি আর.এন. মঞ্জুলা রায় দিয়েছেন যে, মামলাটি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রশাসনিক খরচ বাবদ ধোনিকে এই টাকা জমা দিতে হবে। তাকে আগামী ১২ মার্চের মধ্যে প্রধান বিচারপতির ত্রাণ তহবিলে এই ১০ লক্ষ টাকা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন