ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

অজি শিবির ভেঙে চুরমার করে দিল রাজার বাহিনী

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৩, ২০২৬, ০৩:৫২ পিএম
এ নিয়ে অস্ট্রেলিয়ার মতো পরাশক্তিকে বিশ্বকাপে দ্বিতীয়বার হারাল জিম্বাবুয়ে। ছবি : সংগৃহীত

কলম্বোর প্রেমাদাসায় আজ ক্রিকেট বিশ্বের রিখটার স্কেলে যে কম্পন অনুভূত হলো তার নাম ‘ভয়ংকর অঘটন’। তবে জিম্বাবুইয়ানদের জন্য এটি হয়তো ‘প্রতিশোধ’ বা ‘ঐতিহ্য’ রক্ষার ম্যাচ। 

পরাক্রমশালী অস্ট্রেলিয়াকে ২৩ রানে বিধ্বস্ত করে সিকান্দার রাজার দল প্রমাণ করে দিল, ক্রিকেটের কাগজে-কলমে শক্তি বা র‍্যাঙ্কিং কেবলই সংখ্যা। মাঠে জেতার জন্য প্রয়োজন বুকভরা সাহস আর অদম্য জেদ।

২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে কেপ টাউনে অজিদের হারিয়ে যে রূপকথা লিখেছিল জিম্বাবুয়ে, ঠিক ১৯ বছর পর কলম্বোয় সেই একই নাটকের মঞ্চায়ন হলো। 

অস্ট্রেলিয়া নামের জুজু ভেঙে চুরমার করে দিল রাজার বাহিনী। অস্ট্রেলিয়ার মতো পরাশক্তিকে বিশ্বকাপে দ্বিতীয়বার হারিয়ে জিম্বাবুয়ে বুঝিয়ে দিল, ছোট দল হিসেবে তাদের অবজ্ঞা করার দিন শেষ।

হ্যামস্ট্রিংয়ের চোটে পড়ে টুর্নামেন্ট শেষ হয়ে যাওয়া অভিজ্ঞ ব্রেন্ডন টেলর মাঠের বাইরে থেকে হয়তো তৃপ্তির হাসি হেসেছেন। ২০০৭ সালে ৬০ রানের ম্যাচজয়ী ইনিংস খেলা টেলরের অভাব আজ বুঝতে দেয়নি জিম্বাবুয়ের তরুণরা।

ব্রায়ান বেনেট ওপেনিংয়ে নেমে ৫৬ বলে অপরাজিত ৬৪ রানের এক দুর্দান্ত ইনিংস খেলে অ্যাঙ্কর হিসেবে কাজ করেছেন। সাথে মারুমানি (৩৫), বার্ল (৩৫) এবং অধিনায়ক সিকান্দার রাজার ঝড়ো ব্যাটিংয়ে (১৩ বলে ২৫*) ১৬৯ রানের লড়াকু পুঁজি পায় জিম্বাবুয়ে।

লক্ষ্য তাড়ায় নেমে অস্ট্রেলিয়া যেন খেই হারিয়ে ফেলল জিম্বাবুয়ের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে। রানের চাকা সচল রাখার বদলে অজি ব্যাটসম্যানদের একের পর এক সাজঘরে ফেরার মিছিলে পরিণত হয় অজিদের ইনিংস। 

২০ ওভারও খেলতে পারেনি বিশ্ব চ্যাম্পিয়নরা। মাত্র ১৪৬ রানে গুটিয়ে গিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে এক চরম লজ্জাজনক হারের স্বাদ পেল অজিরা।