চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে বড়সড় বিপাকে পড়ল আয়ারল্যান্ড। হাঁটুর গুরুতর ইনজুরির কারণে টুর্নামেন্টের বাকি অংশ থেকে ছিটকে গেলেন দলের অধিনায়ক ও ওপেনার পল স্টার্লিং। স্ক্যান রিপোর্টে তার ডান হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত হওয়ার পর এই ঘোষণা আসে।
গত বুধবার অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে অজি ব্যাটার জশ ইংলিসের একটি ক্যাচ ধরতে গিয়ে ডান হাঁটুতে চোট পান স্টার্লিং। স্ক্যান রিপোর্ট আসার আগে ব্যাটিং কোচ গ্যারি উইলসন চোটের যে শঙ্কা প্রকাশ করেছিলেন, তা-ই সত্যি হলো।
এদিকে, অধিনায়কের শূন্যস্থান পূরণে দলে ডাক পেয়েছেন তরুণ উইকেটরক্ষক-ব্যাটার স্যাম টপিং। ২০ বছর বয়সী এই তরুণ বর্তমানে চেন্নাইয়ে অবস্থান করছেন।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এখনও অভিষেক না হলেও, গত ঘরোয়া মৌসুমে তার পারফরম্যান্স ছিল দুর্দান্ত। ১৪০ স্ট্রাইক রেটে ২১৭ রান করে নির্বাচকদের নজরে এসেছিলেন তিনি।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন