ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

বিশ্বকাপ ছেড়ে দেশে ফিরছেন কিউই তারকা পেসার

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৫, ২০২৬, ০১:১৩ পিএম
লকি ফার্গুসন। ছবি : সংগৃহীত

বাবা হতে চলেছেন নিউজিল্যান্ডের তারকা ফাস্ট বোলার লকি ফার্গুসন। এই বিশেষ মুহূর্তে পরিবারের পাশে থাকতে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড তাকে পিতৃত্বকালীন ছুটি মঞ্জুর করেছে। 

জানা গেছে, রোববার ১৫ ফেব্রুয়ারি তিনি দলের ক্যাম্প ছেড়ে নিজ দেশে ফিরে যাচ্ছেন।

ফলে টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ ডি-তে কানাডার বিপক্ষে নিউজিল্যান্ডের শেষ ম্যাচে লকি ফার্গুসনকে পাওয়া যাবে না।

নিউজিল্যান্ডের প্রধান কোচ রব ওয়াল্টার বলেন, লকি এবং এমার জন্য এটি একটি অবিশ্বাস্য রোমাঞ্চকর সময়। এই বিশেষ উপলক্ষে লকি যে বাড়িতে থাকতে পারছে, এতে আমরা আনন্দিত।

তবে ফার্গুসনকে এখনই দলের বাইরে পাঠাচ্ছে না নিউজিল্যান্ড। কোচ ওয়াল্টার জানিয়েছেন, এই মুহূর্তে আমরা লকির বদলি হিসেবে কাউকে নিচ্ছি না। আমাদের পরিকল্পনা অনুযায়ী সে টুর্নামেন্টের সুপার এইট পর্বের আগেই দলের সাথে যোগ দেবে। 

তবে প্রয়োজন হলে আমাদের ট্রাভেলিং রিজার্ভ বেন সিয়ার্স এবং কোল ম্যাককঞ্চি স্কোয়াডে যুক্ত হওয়ার জন্য প্রস্তুত রয়েছে।