টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এর মঞ্চে জিম্বাবুয়ের বিরুদ্ধে ৭২ রানের দাপুটে জয় তুলে নিয়েছে ভারত। চেন্নাইয়ের এম.এ. চিদম্বরম স্টেডিয়ামে অনুষ্ঠিত এই বাঁচা-মরার লড়াইয়ে অলরাউন্ড নৈপুণ্যে সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখল টিম ইন্ডিয়া।
ভারতের এই দাপুটে জয়ের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে দলের তিন প্রধান কারিগর—অভিষেক শর্মা, হার্দিক পান্ডিয়া এবং আর্শদীপ সিংয়ের প্রশংসায় মেতেছেন ভারতের বিশ্বকাপজয়ী কিংবদন্তি অলরাউন্ডার যুবরাজ সিং।
টুর্নামেন্টের শুরুতে রান খরায় ভুগতে থাকা তরুণ বাঁহাতি ওপেনার অভিষেক শর্মা ঠিক সময়ে নিজের জাত চেনালেন। মাত্র ৩০ বলে ৫৫ রানের একটি বিধ্বংসী ইনিংস খেলে ভারতকে উড়ন্ত সূচনা এনে দেন তিনি। ৪টি চার ও ৪টি ছক্কায় সাজানো এই ইনিংসটি ভারতের বড় স্কোরের ভিত গড়ে দেয়।
দীর্ঘদিন ধরে অভিষেকের মেন্টর হিসেবে কাজ করা যুবরাজ সিং শিষ্যের এই ফর্মে ফেরায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন। ইনস্টাগ্রামে অভিষেকের একটি ছবি শেয়ার করে তিনি লেখেন, সবচেয়ে ভালো উত্তর সেটাই যখন ব্যাট কথা বলে! দারুণ ইনিংস অভিষেক, এভাবেই এগিয়ে যাও।
ইনিংসের শেষ দিকে জিম্বাবুয়ের বোলারদের ওপর টর্নেডো চালান হার্দিক পান্ডিয়া। মাত্র ২৩ বলে অপরাজিত ৫০ রানের ইনিংস খেলে তিনি প্রমাণ করেন কেন তাকে বর্তমান বিশ্বের অন্যতম সেরা ‘ফিনিশার’ বলা হয়।
হার্দিকের ৪টি ছক্কায় ভর করে ভারত ৪ উইকেটে ২৫৬ রানের পাহাড়সম সংগ্রহ দাঁড় করায়। এটি চলতি বিশ্বকাপের সর্বোচ্চ এবং টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ দলীয় স্কোর।
হার্দিকের পাওয়ার হিটিংয়ের প্রশংসা করে যুবরাজ লেখেন, অসাধারণ পাওয়ার হিটিং এবং পুরো নিয়ন্ত্রণ! স্টাইলে ইনিংস শেষ করলে।
২৫৭ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নামা জিম্বাবুয়ের ব্যাটিং লাইনআপে ধস নামান আর্শদীপ সিং। ৪ ওভার বল করে মাত্র ২৪ রান খরচায় ৩টি গুরুত্বপূর্ণ উইকেট শিকার করেন এই বাঁহাতি পেসার।
বিশেষ করে জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজার উইকেটটি তুলে নিয়ে তিনি সফরকারীদের শেষ স্বপ্ন ধূলিসাৎ করে দেন। আর্শদীপের এই বোলিং তোপকে ‘ট্রিপল ডিলাইট’ আখ্যা দিয়ে যুবরাজ অভিনন্দন জানান।


