ভারতের মাটিতে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের অংশ না নেওয়ার সিদ্ধান্ত শেষ পর্যন্ত আশীর্বাদ হয়ে দেখা দিল স্কটল্যান্ডের জন্য। বাংলাদেশের পরিবর্তে এই টুর্নামেন্টে খেলার সুযোগ পেয়ে মাঠের লড়াইয়ের পাশাপাশি বড় অঙ্কের প্রাইজমানিও পকেটে পুরল স্কটিশরা।
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) দেওয়া তথ্যমতে, এই আসর থেকে স্কটল্যান্ডের আয় হয়েছে প্রায় সাড়ে তিন কোটি টাকা।
মূলত ভারতের মাটিতে চলমান আইপিএল থেকে বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়া এবং সমসাময়িক নানা পরিস্থিতির কারণে বাংলাদেশ দল এই বিশ্বকাপে অংশ না নেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নেয়।
বাংলাদেশের এই সরে দাঁড়ানোয় কপাল খোলে স্কটল্যান্ডের। টুর্নামেন্টে যোগ্যতা অর্জন করতে না পারলেও আইসিসি শেষ মুহূর্তে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করে। এর ফলে মূল আসরে অংশ নিয়ে ২৭৮,৬৫৪ মার্কিন ডলার আয় করেছে তারা, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩ কোটি ৪১ লাখ টাকা।
মাঠের পারফরম্যান্সে স্কটল্যান্ড গ্রুপ পর্বে চার ম্যাচের মধ্যে মাত্র একটিতে জয় পেয়েছে। তবে এই একটি জয়ই তাদের জন্য বড় প্রাপ্তি হয়ে দাঁড়িয়েছে।
টুর্নামেন্টের প্রাইজমানি ও অংশগ্রহণ ফি মিলিয়ে প্রাপ্ত ৩ কোটি ৪১ লাখ টাকা পাওয়ার কোনো সম্ভাবনা ছিল না দলটির। অথচ বাংলাদেশ এই আসরে খেললে এই বিশাল অংকের অর্থ অনায়াসেই বিসিবির তহবিলে জমা হতে পারত।
বিশ্বকাপের অন্যান্য দলগুলোর প্রাইজমানির দিকে তাকালে দেখা যায়, শিরোপাজয়ী ভারত পেয়েছে ২৬ লক্ষ ৩৯ হাজার ৪২৩ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩২ কোটি ৩৬ লাখ টাকা। অন্যদিকে রানার্সআপ হয়ে নিউজিল্যান্ডের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকেছে ১৪ লক্ষ ২২ হাজার ৬৯২ ডলার বা প্রায় ১৭ কোটি ৪৪ লাখ টাকা।



সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন