এক সময় যাকে ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ মহাতারকা ভাবা হতো, সেই পৃথ্বী শ এখন দাঁড়িয়ে আছেন ক্যারিয়ারের এক কঠিন সন্ধিক্ষণে। ২০১৮ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী অধিনায়ক হিসেবে উত্থান এবং টেস্ট অভিষেকেই সেঞ্চুরি করে বিশ্বকে তাক লাগিয়ে দিলেও, চোট আর ধারাবাহিকতার অভাবে গত কয়েক বছর ধরে জাতীয় দলের রাডারের বাইরে আছেন তিনি।
তবে আসন্ন আইপিএল ২০২৬-কে সামনে রেখে এক নতুন ও পরিণত পৃথ্বীর দেখা মিলছে, যিনি নিজের হারানো জায়গা ফিরে পেতে মরিয়া।
২০২১ সালের জুলাই মাসে শ্রীলঙ্কা সফরে শেষবার ভারতের জার্সিতে দেখা গিয়েছিল এই ওপেনারকে। এরপর ফিটনেস সমস্যা আর অফ-ফর্ম তাকে ছিটকে দেয় মূল দল থেকে।
দীর্ঘ প্রতীক্ষার পর এবারের আইপিএল নিলামে প্রথম দিকে দল না পেলেও, পরের ধাপে মাত্র ৭৫ লক্ষ টাকায় তাকে দলে ভেড়ায় দিল্লি ক্যাপিটালস। এই সুযোগকেই ক্যারিয়ারের 'লাইফলাইন' হিসেবে দেখছেন ২৫ বছর বয়সী এই ক্রিকেটার।
নিজের প্রস্তুতির বিষয়ে পিটিআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে পৃথ্বী বলেন, আমি কেন খেলছি, তা নিয়ে কোনো সন্দেহ নেই। আমাকে ভারতীয় দলে ফিরতেই হবে এবং সেজন্য আমি আগের চেয়ে তিন গুণ বেশি পরিশ্রম করছি।
আমি এখন আমার সামর্থ্যের ১০০ নয়, বরং ২০০ শতাংশ উজাড় করে দিচ্ছি। গত কয়েক বছরের চড়াই-উতরাই আমি হাসিমুখে মেনে নিয়েছি এবং নিজের ভুলগুলো থেকে শিক্ষা নিয়েছি।
মাঠে পৃথ্বীর এই পরিবর্তনের প্রমাণ মিলেছে ঘরোয়া ক্রিকেটেও। সম্প্রতি শেষ হওয়া সৈয়দ মুশতাক আলী ট্রফিতে (২০২৫-২৬) তিনি ১৬০-এর বেশি স্ট্রাইক রেটে রান সংগ্রহ করেছেন। তার আগ্রাসী ব্যাটিং শৈলী ও বড় ইনিংস খেলার প্রবণতা নির্বাচকদের আবারও ভাবিয়ে তুলছে। তবে দিল্লি ক্যাপিটালসের একাদশে জায়গা পাওয়া তার জন্য খুব একটা সহজ হবে না।
দলের অধিনায়ক অক্ষর প্যাটেল ইঙ্গিত দিয়েছেন, এবার দিল্লির হয়ে ওপেনিংয়ে দেখা যেতে পারে লোকেশ রাহুলকে। এছাড়া বিদেশি ওপেনারের বিকল্পও রয়েছে দলটির হাতে।
দলে জায়গা পাওয়ার লড়াই নিয়ে তিনি জানান, দলে সুস্থ প্রতিযোগিতা থাকা ভালো এবং দিনশেষে দলের জয়ই সবচেয়ে বড় কথা। কে ওপেন করবে তা নিয়ে না ভেবে, যখনই সুযোগ পাবেন তখনই নিজের সেরাটা দিতে চান তিনি।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন