বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সর্বশেষ নির্বাচনে অনিয়ম ও অস্বচ্ছতার অভিযোগে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) গঠিত তদন্ত কমিটির ডাকে সাড়া দেননি সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। উল্টো এই তদন্ত প্রক্রিয়াকে ‘এখতিয়ার বহির্ভূত’ এবং ‘আদালত অবমাননা’ হিসেবে আখ্যায়িত করেছেন তিনি।
সম্প্রতি তদন্ত কমিটি তাদের প্রতিবেদন জমা দেওয়ার পর বিষয়টি প্রকাশ্যে আসে। কমিটির প্রধান একেএম আসাদুজ্জামান জানিয়েছেন, নিরপেক্ষ অবস্থান থেকে সংশ্লিষ্ট অনেকের সাক্ষাৎকার নিয়ে তারা প্রতিবেদন জমা দিয়েছেন।
তবে সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টাকে সাক্ষাৎকারের জন্য ডাকা হলেও তিনি উপস্থিত হননি।
তদন্ত কমিটির ডাকে সাড়া না দেওয়ার বিষয়ে নিজের অবস্থান পরিষ্কার করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি দীর্ঘ স্ট্যাটাস দিয়েছেন আসিফ মাহমুদ। সেখানে তিনি দাবি করেন, বিসিবির মতো একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের ওপর মন্ত্রণালয়ের এ ধরনের তদন্ত পরিচালনার কোনো আইনি এখতিয়ার নেই।
তিনি অভিযোগ করেন, তদন্ত কমিটির প্রজ্ঞাপনেই তদন্তের ফলাফল নিয়ে আগেভাগে সিদ্ধান্ত দিয়ে রাখা হয়েছে।
আসিফ মাহমুদ আরও উল্লেখ করেন, বিসিবি নির্বাচনের বিষয়টি বর্তমানে উচ্চ আদালতে বিচারাধীন। এমতাবস্থায় এই বিষয়ে কোনো তদন্ত কমিটি গঠন করা এবং তদন্তে অংশ নেওয়া—উভয়ই আদালত অবমাননার শামিল। তিনি কমিটির কাছে তাদের আইনি এখতিয়ার সম্পর্কে জানতে চাইলেও কোনো সন্তোষজনক উত্তর পাননি বলে দাবি করেন।


