আইপিএল ২০২৬-এর উত্তাপ এখন তুঙ্গে। আজ রোববার (৫ এপ্রিল) বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি) এবং চেন্নাই সুপার কিংস (সিএসকে)।
টুর্নামেন্টের ১১তম এই ম্যাচটিকে ঘিরে শুরু হয়েছে ব্যাপক উন্মাদনা। একদিকে শিরোপা ধরে রাখার মিশনে থাকা আরসিবি, অন্যদিকে ঘুরে দাঁড়ানোর মরিয়া চেষ্টায় থাকা চেন্নাই—সব মিলিয়ে একটি হাই-ভোল্টেজ ম্যাচের অপেক্ষায় সমর্থকরা।
এই রোমাঞ্চকর লড়াইয়ের আগে ভারতের সাবেক অলরাউন্ডার ও ক্রিকেট বিশ্লেষক ইরফান পাঠান তিনটি ভবিষ্যদ্বাণী করে আলোচনার জন্ম দিয়েছেন।
স্টার স্পোর্টসের এক অনুষ্ঠানে পাঠান দাবি করেন, চেন্নাইয়ের হয়ে নতুন যাত্রা শুরু করা সাঞ্জু স্যামসন আজ চিন্নাস্বামীর ছোট বাউন্ডারিতে বড় রান পাবেন। স্যামসনের আক্রমণাত্মক ব্যাটিং শৈলী আজ দলের ভাগ্য বদলে দিতে পারে বলে মনে করেন তিনি।
পাঠানের দ্বিতীয় ভবিষ্যদ্বাণীটি ছিল ব্যাটিং কিংবদন্তি বিরাট কোহলিকে নিয়ে। এবারের মৌসুমের উদ্বোধনী ম্যাচে হায়দরাবাদের বিপক্ষে ৬৯ রানের অপরাজিত ইনিংস খেলে কোহলি ফর্মে থাকার ইঙ্গিত দিয়েছেন।
পাঠানের মতে, কোহলি আজ কেবল রানই করবেন না, বরং ইনিংসের প্রথম বল থেকেই বোলারদের ওপর চড়াও হয়ে আক্রমণাত্মক মেজাজে খেলবেন।
তবে সবাইকে সবচেয়ে বেশি অবাক করেছে পাঠানের তৃতীয় মন্তব্যটি। ঘরের মাঠে আরসিবি ফেবারিট হলেও, তিনি আজ চেন্নাইয়ের জয়ের পক্ষে বাজি ধরেছেন।
পাঠান জানান, পরপর দুটি ম্যাচ হেরে ব্যাকফুটে থাকা চেন্নাই এখন ‘আহত বাঘের’ মতো বিপজ্জনক। তারা জয়ের জন্য কতটা মরিয়া, সেটাই আজ তাদের ম্যাচের ফল এনে দিতে পারে বলে মন্তব্য করেন এই সাবেক তারকা।


