ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফারহান-ফিলিপের ঝড়ে উড়ে গেল রাওয়ালপিন্ডি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ৭, ২০২৬, ১২:০৩ পিএম
ছবি : সংগৃহীত

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ২০২৬ আসরে নিজেদের অপরাজেয় যাত্রা অব্যাহত রেখেছে মুলতান সুলতানস। ২৪ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার মাঠে নেমেও জয় পায় মুলতান।

সাহিবজাদা ফারহান এবং জশ ফিলিপের বিধ্বংসী ব্যাটিংয়ে রাওয়ালপিন্ডিজের দেওয়া ১৮৩ রানের বড় লক্ষ্য মাত্র ১৬.২ ওভারেই অনায়াসে পেরিয়ে গেছে মুলতান। এই দাপুটে জয়ে আসরের চতুর্থ জয় তুলে নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান আরও মজবুত করল তারা।

ম্যাচের শুরুতে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন মুলতান অধিনায়ক। ব্যাটিংয়ে নেমে রাওয়ালপিন্ডিজের শুরুটা ছিল মিশ্র অভিজ্ঞতার। অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান প্রথম ওভারেই দুটি চার মেরে ইতিবাচক শুরু করলেও সঙ্গী ইয়াসির খান দ্রুতই সাজঘরে ফেরেন। 

এরপর কামরান গোলামের ৩৫ রানের ক্যামিওতে পাওয়ারপ্লেতে ভালো সংগ্রহ পায় দলটি। তবে মাঝের ওভারগুলোতে ফয়সাল আকরামের ঘূর্ণিতে খেই হারিয়ে ফেলে রাওয়ালপিন্ডিজ। দ্রুত উইকেট হারিয়ে এক পর্যায়ে ১২৮ রানে ৭ উইকেট হারিয়ে বড় সংগ্রহের আশা প্রায় ছেড়েই দিয়েছিল তারা।

বিপর্যয়ের মুখে দাঁড়িয়ে রাওয়ালপিন্ডিজকে লড়াই করার মতো পুঁজি এনে দেন স্যাম বিলিংস। দলের টপ ও মিডল অর্ডার ব্যর্থ হলেও বিলিংস এক প্রান্ত আগলে রেখে পাল্টা আক্রমণ শুরু করেন। 

মোহাম্মদ ওয়াসিম জুনিয়র এবং অভিজ্ঞ পিটার সিডলকে মাঠের চারদিকে পিটিয়ে শেষ পর্যন্ত ৫৬ রানে অপরাজিত থাকেন এই ইংলিশ ব্যাটার। তার দায়িত্বশীল ব্যাটিংয়ে ভর করেই নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৮২ রানের চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করায় রাওয়ালপিন্ডিজ। 

বল হাতে মুলতানের পক্ষে ফয়সাল আকরাম ৩১ রান খরচায় ৪টি উইকেট শিকার করেন।

১৮৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই স্টিভেন স্মিথকে হারিয়ে কিছুটা ধাক্কা খেয়েছিল মুলতান। তবে সেই ধাক্কাকে রীতিমতো তাণ্ডবে রূপান্তর করেন সাহিবজাদা ফারহান এবং জশ ফিলিপ। 

পাওয়ারপ্লের শেষ ওভারে মোহাম্মদ আমিরকে দুটি বিশাল ছক্কা মেরে শুরুটা করেন ফারহান। অন্যপ্রান্ত থেকে জশ ফিলিপও বোলারদের ওপর চড়াও হন। দুজনের বিধ্বংসী ব্যাটিংয়ে মাত্র ৬ ওভারেই ৫৮ রান তুলে ফেলে মুলতান।

খেলার মোড় পুরোপুরি ঘুরে যায় বাংলাদেশি লেগ-স্পিনার রিশাদ হোসেনের এক ওভারে। প্রথম স্পেলে নিয়ন্ত্রিত বোলিং করলেও দ্বিতীয় স্পেলে ফিরতেই তার ওপর চড়াও হন ফারহান। 

রিশাদের এক ওভারে টানা তিন বলে তিনটি ছক্কা হাঁকিয়ে নিজের অর্ধশতক পূর্ণ করেন তিনি। সেই ওভারে ফিলিপ আরও একটি ছক্কা মারলে মোট ২৬ রান খরচ করেন রিশাদ, যা ম্যাচ থেকে রাওয়ালপিন্ডিজকে পুরোপুরি ছিটকে দেয়।

শেষ দিকে দুই হাফ-সেঞ্চুরিয়ান ফারহান (৬৮) এবং ফিলিপ (৫৬) আউট হলেও জয়ের সমীকরণ তখন হাতের নাগালে। বাকি পথটুকু অনায়াসেই পাড়ি দেন শান মাসুদ এবং অধিনায়ক অ্যাশটন টার্নার। 

২২ বল হাতে রেখেই ৭ উইকেটের বিশাল জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে মুলতান সুলতানস। রাওয়ালপিন্ডিজের বোলারদের মধ্যে মোহাম্মদ আমির ২ উইকেট নিলেও বাকিরা ছিলেন বেশ খরুচে।