আইপিএল ২০২৬-এ উড়তে থাকা রাজস্থান রয়্যালস বড় ধাক্কা খেল সানরাইজার্স হায়দরাবাদের কাছে। গত ১৩ এপ্রিল হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে স্বাগতিকদের কাছে ৫৭ রানের বিশাল ব্যবধানে হেরেছে তারা।
তবে এই হারের ক্ষত ছাপিয়ে এখন বড় আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে দলের বিস্ময় বালক বৈভব সূর্যবংশীর ভূমিকা। মাত্র ১৫ বছর বয়সেই টুর্নামেন্টে ঝড় তোলা এই ব্যাটারকে 'ইমপ্যাক্ট প্লেয়ার' হিসেবে খেলানো হচ্ছে, যা নিয়ে এই কিশোর তুর্কি নিজের অসন্তোষ প্রকাশ করেছেন।
হায়দরাবাদের দেওয়া ২১৭ রানের পাহাড়সম লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে রাজস্থান। ইনিংসের প্রথম বলেই অভিষেক হওয়া প্রফুল্ল হিঙ্গের বলে সাজঘরে ফেরেন সূর্যবংশী।
নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে শেষ পর্যন্ত ১৫৯ রানেই গুটিয়ে যায় রাজস্থানের ইনিংস। দলের ব্যাটিং বিপর্যয়ের দিনে টপ অর্ডার পুরোপুরি ব্যর্থ হওয়ায় বড় হারের মুখ দেখতে হয় তাদের।
চলতি আসরে বৈভব সূর্যবংশী এখন পর্যন্ত রাজস্থানের অন্যতম সফল ব্যাটার। ২৫০-এর বেশি স্ট্রাইক রেটে ইতিমধ্যে তিনি ২০০-র বেশি রান সংগ্রহ করেছেন।
বিশেষ করে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ২৮ বলে তার ৭৬ রানের বিধ্বংসী ইনিংসটি ক্রিকেট বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিল। এমন ফর্মে থাকা সত্ত্বেও গত দুই ম্যাচে তাকে মূল একাদশে না রেখে কেবল ব্যাটিংয়ের জন্য 'ইমপ্যাক্ট সাবস্টিটিউট' হিসেবে মাঠে নামানো হচ্ছে।
রাজস্থান রয়্যালসের সহকারী কোচ ট্রেভর পেনি জানান, এই সিদ্ধান্তে সূর্যবংশী মোটেও খুশি নন। ব্রডকাস্টারদের সাথে আলাপকালে পেনি বলেন, গত ম্যাচে সে যখন সুযোগ পায়নি, তখন বেশ মন খারাপ করেছিল।
এর মূল কারণ সে ফিল্ডিং করতে খুব ভালোবাসে। সে মোটেও খারাপ ফিল্ডার নয়, বরং মাঠে সব সময় সক্রিয় থাকতে চায়। কিন্তু দলের ভারসাম্য রক্ষায় আমাদের এমন সিদ্ধান্ত নিতে হচ্ছে।
মূলত দক্ষিণ আফ্রিকান অলরাউন্ডার ডনোভান ফেরেরার দলে ফেরাতেই বৈভবের সুযোগ সীমিত হয়ে পড়েছে। এসএ২০ চলাকালীন কলারবোন ভেঙে যাওয়ায় দীর্ঘদিন মাঠের বাইরে ছিলেন ফেরেরা।
সম্প্রতি ফিটনেস টেস্টে উত্তীর্ণ হয়ে তিনি দলে ফেরায় একজন দক্ষ ফিল্ডার ও অলরাউন্ডার হিসেবে ম্যানেজমেন্ট তাকেই প্রাধান্য দিচ্ছে। ফলে ব্যাটিংয়ের দায়িত্ব পালনের পর ফিল্ডিংয়ের সময় মাঠের বাইরেই কাটাতে হচ্ছে সূর্যবংশীকে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন