পাকিস্তান সুপার লিগে (পিএসএল) পরাজয়ের বৃত্ত ভেঙে অবশেষে জয়ের স্বাদ পেয়েছে লাহোর কালান্দার্স। করাচিতে পয়েন্ট টেবিলের তলানির দুই দলের লড়াইয়ে রাওয়ালপিন্ডিজকে ৩২ রানে হারিয়েছে তারা।
এই হারের মাধ্যমে তিন ম্যাচ হাতে থাকতেই টুর্নামেন্ট থেকে প্রথম দল হিসেবে আনুষ্ঠানিকভাবে বিদায় নিল রাওয়ালপিন্ডিজ।
করাচির ন্যাশনাল স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাটিং করতে নেমে লাহোরকে উড়ন্ত সূচনা এনে দেন দুই ওপেনার ফখর জামান ও মোহাম্মদ ফারুক। উদ্বোধনী জুটিতেই তারা যোগ করেন ১২১ রান।
ফখর জামান ৫৪ বলে ৮৪ রান এবং ফারুক ৪১ বলে ৫টি করে চার ও ছক্কায় ৬৩ রান করেন। নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২১০ রানের পাহাড় গড়ে লাহোর। রাওয়ালপিন্ডিজের হয়ে মোহাম্মদ আমির ও রাজাউল্লাহ দুটি করে উইকেট শিকার করেন।
২১১ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে লড়াই চালিয়েছিলেন রাওয়ালপিন্ডিজের দুই ব্যাটার ইয়াসির খান ও সাদ মাসুদ। ইয়াসির ৫৮ এবং সাদ মাসুদ ৫৪ রান করে দলের আশা বাঁচিয়ে রাখলেও অন্য ব্যাটারদের আসা-যাওয়ার মিছিলে শেষ রক্ষা হয়নি। শেষ পর্যন্ত ১৭৮ রানেই গুটিয়ে যায় তাদের ইনিংস।
লাহোর কালান্দার্সের জয়ে বড় ভূমিকা রাখেন বোলাররা। শাহিন শাহ আফ্রিদি ও সিকান্দার রাজার নিয়ন্ত্রিত বোলিংয়ে প্রতিপক্ষকে চেপে ধরেন। শাহিন দুটি ও রাজা একটি উইকেট শিকার করেন। তবে সর্বোচ্চ ৩ উইকেট নেন হারিস রউফ।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন