ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিতে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ১৭, ২০২৫, ০৭:০০ পিএম
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে বাংলাদেশ। ছবি- সংগৃহীত

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনাল আগেই নিশ্চিত করেছিল বাংলাদেশ। বাকি ছিল গ্রুপসেরা হবে কি না—সেই প্রশ্নেরও উত্তর মিলেছে। ‘বি’ গ্রুপের শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে ৩৯ রানে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই শেষ চারে উঠেছে আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন দল।

এই জয়ের ফলে সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান। অন্য সেমিফাইনালে মুখোমুখি হবে ভারত ও শ্রীলঙ্কা। আগামী ১৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে দুটি ম্যাচই।

দুবাইয়ের আইসিসি একাডেমি মাঠে টস হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশ ২২৫ রানে অলআউট হয়। উদ্বোধনী জুটিতে জাওয়াদ আবরার ও রিফাত বেগ যোগ করেন ৮৪ রান। রিফাত করেন ৩৬ রান, জাওয়াদ সর্বোচ্চ ৪৯ রান। অধিনায়ক আজিজুল তামিম ২৯ ও কালাম সিদ্দিকী করেন ৩২ রান।

তবে মাঝের দিকে ২২ রানের ব্যবধানে ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। শেষদিকে ফরিদ হাসানের ২৯ রানের ইনিংসে দুইশো পার করে দলটি। শ্রীলঙ্কার পক্ষে কাভিঝা গামেজ নেন সর্বোচ্চ ৪ উইকেট।

২২৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই বিপাকে পড়ে শ্রীলঙ্কা। ইকবাল হোসেন ইমন ও সামিউন বশিরের দারুণ বোলিংয়ে দলীয় ৪৪ রানের মধ্যেই ৪ উইকেট হারায় তারা। পরে শাহরিয়ার আহমেদের বাঁহাতি স্পিনে দ্রুত ফিরে যান লঙ্কানদের মধ্যম সারির ব্যাটাররা।

নবম উইকেটে আদহাম হিলমি ও রসিত নিমসারার ৫৬ রানের জুটিতে ব্যবধান কিছুটা কমে। হিলমি করেন ৩৯ রান। সর্বোচ্চ ৪১ রান আসে চামিকা হিনাতিগালার ব্যাট থেকে। শেষ পর্যন্ত শ্রীলঙ্কা অলআউট হয় ১৮৬ রানে।

বাংলাদেশের পক্ষে ইমন ও সামিউন ৩টি করে উইকেট নেন। ৩৯ রানের জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে আত্মবিশ্বাসের সঙ্গে সেমিফাইনালে উঠেছে যুব টাইগাররা।