ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমারের ভবিষ্যৎ এখন ফুটবল বিশ্বের আলোচনার কেন্দ্রবিন্দু। শৈশবের ক্লাব সান্তোস নাকি শক্তিশালী ফ্লামেঙ্গো—২০২৬ মৌসুমে নেইমার কোন জার্সিতে মাঠে নামবেন, তা নিয়ে শুরু হয়েছে তুমুল উত্তেজনা।
চলতি মৌসুমে সান্তোসকে রেলিগেশন থেকে বাঁচাতে এবং শীর্ষ লিগে টিকিয়ে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন ৩৩ বছর বয়সী এই ফরোয়ার্ড। হাঁটুর চোট কাটিয়ে ফিরে দলের প্রয়োজনে তিনি ছিলেন অদম্য।
সান্তোস সভাপতি মার্সেলো তেইক্সেইরা জানান, নেইমারকে আরও এক মৌসুমের জন্য ক্লাবে রেখে দিতে তারা মরিয়া। বর্তমানে চুক্তি নবায়নের আলোচনা ‘অত্যন্ত উন্নত পর্যায়ে’ রয়েছে বলে জানা গেছে।
এদিকে, সান্তোসের পথে কাঁটা হয়ে দাঁড়িয়েছে ফ্লামেঙ্গো। ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম মারকার প্রতিবেদনে জানা যায়, লিগ শিরোপা জেতার পর ফ্লামেঙ্গো এখন নেইমারকে দলে ভিড়িয়ে তাদের শক্তি আরও বাড়াতে চায়।
শুধু ক্লাব কর্তৃপক্ষই নয়, ফ্লামেঙ্গোর বর্তমান খেলোয়াড়রাও নেইমারকে তাদের সতীর্থ হিসেবে পেতে চাপ সৃষ্টি করছেন।
নেইমারের সামনে শুধু ক্লাব ফুটবল নয়, জাতীয় দলের চ্যালেঞ্জও রয়েছে। ব্রাজিল জাতীয় দলের কোচ কার্লো আনচেলোত্তি স্পষ্ট করে দিয়েছেন, ২০২৬ বিশ্বকাপে জায়গা পেতে হলে নেইমারকে তার হাঁটুর অস্ত্রোপচার পরবর্তী ফিটনেস প্রমাণ করতে হবে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন