কলম্বিয়া কাপ ফুটবলের ফাইনালের দ্বিতীয় লেগে দেপোর্তিভো ইন্ডেপেনদিয়েন্তে মেডেলিনকে ১-০ গোলে হারিয়ে শিরোপা জিতেছে আতলেতিকো নাসিওনাল। তবে ম্যাচ শেষের আনন্দ খুব দ্রুতই ভয়াবহ সহিংসতায় রূপ নেয়।
বুধবার রাতে কলম্বিয়ার এস্তাদিও আতানাসিও গিরার্দোত স্টেডিয়ামে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাবের সমর্থকদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে পুলিশ সদস্যসহ অন্তত ৫৯ জন আহত হন। আহতদের মধ্যে সাতজন পুলিশ সদস্য রয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, রেফারির শেষ বাঁশি বাজার পর গ্যালারি থেকে অনেক উচ্ছৃঙ্খল সমর্থক মাঠে নেমে আসেন। তারা ফ্লেয়ার ও আতশবাজি নিয়ে একে অপরের ওপর হামলা চালান। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দাঙ্গা পুলিশকে লাঠিচার্জ ও বলপ্রয়োগ করতে হয়।
সংঘর্ষের সময় স্টেডিয়ামের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। উত্তেজিত সমর্থকরা গ্যালারির আসন ভেঙে ফেলেন এবং মাঠের কিছু অংশে আগুন ধরিয়ে দেন। এর আগেও অতিরিক্ত কুয়াশার কারণে ম্যাচ শুরু হতে ১৪ মিনিট দেরি হয়।
পুলিশ কমান্ডার উইলিয়াম কাস্তানো জানান, অভিযান চালিয়ে দর্শকদের কাছ থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও প্রায় ১২০ কেজির বেশি বিস্ফোরক রাসায়নিক জব্দ করা হয়েছে।
এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন মেডেলিনের মেয়র ফেদেরিকো গুতিয়েরেস। তিনি বলেন, যারা স্টেডিয়ামে সহিংসতা ও ধ্বংসযজ্ঞ চালিয়েছে, তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন