টটেনহ্যামের বিপক্ষে ম্যাচে পায়ের হাড় ভেঙে যাওয়ায় অস্ত্রোপচার করাতে হয়েছে লিভারপুলের সুইডিশ স্ট্রাইকার আলেকজান্ডার ইসাককে। ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছে, তার চোট থেকে সেরে উঠতে কতদিন লাগবে—সে বিষয়ে এখনো নির্দিষ্ট কোনো সময়সীমা নির্ধারণ করা হয়নি।
লিভারপুলের এক বিবৃতিতে বলা হয়েছে, পরীক্ষার পর ইসাকের পায়ের ফিবুলা হাড় ভাঙার বিষয়টি নিশ্চিত হয়। সোমবার তার সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। এখন সে এএক্সএ ট্রেনিং সেন্টারে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাবে। তবে তার ফেরার সময় এখনো নির্ধারিত নয়।
জানা গেছে, ইসাককে অন্তত কয়েক মাস মাঠের বাইরে থাকতে হতে পারে। অনেকের মতে, তিনি মার্চের মাঝামাঝি বা শেষের দিকে ফিরতে পারেন। তবে সাবেক ফুটবলার গ্যাব্রিয়েল আগবনলাহোর মনে করছেন, চলতি মৌসুমে ইসাকের আর মাঠে নামার সম্ভাবনা নেই।
টকস্পোর্টে তিনি বলেন, এ ধরনের চোটে পুরো মৌসুম শেষ হয়ে যেতে পারে। এমনকি আগের মতো ফর্মে ফিরতেও সময় লাগে।
গত সেপ্টেম্বরে নিউক্যাসল থেকে প্রায় ১৩০ মিলিয়ন পাউন্ডে লিভারপুলে যোগ দেন ইসাক। তবে ইনজুরি ও ফিটনেস সমস্যার কারণে এখনো নিজের সেরা ফর্ম দেখাতে পারেননি তিনি। টটেনহ্যামের বিপক্ষে ম্যাচে গোল করার ঠিক মুহূর্তেই চোটে পড়েন এই ফরোয়ার্ড।
ইসাকের দীর্ঘ অনুপস্থিতির আশঙ্কায় বিকল্প স্ট্রাইকার খুঁজতে শুরু করেছে লিভারপুল। ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেইলের প্রতিবেদনে সম্ভাব্য কয়েকজন ফরোয়ার্ডের নাম উঠে এসেছে। তালিকায় রয়েছেন ইভান টোনি, দুসান ভ্লাহোভিচ, আলেক্সান্দার মিত্রোভিচ ও ড্যানি ওয়েলবেক।
তবে টোনি ও মিত্রোভিচ বর্তমানে মধ্যপ্রাচ্যের ক্লাবে খেলছেন, যাদের উচ্চ বেতন দেওয়া লিভারপুলের জন্য কঠিন হতে পারে। ভ্লাহোভিচের চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী গ্রীষ্মে, ফলে তাকে তুলনামূলক কম দামে পাওয়া যেতে পারে। আর ওয়েলবেক হলে তিনি হবেন কেবল স্বল্পমেয়াদি সমাধান।
এদিকে নতুন করে আলোচনায় এসেছেন লিভারপুলের সাবেক স্ট্রাইকার দিবক ওরিগি। এসি মিলানের সঙ্গে চুক্তি বাতিল হওয়ায় তিনি এখন ফ্রি এজেন্ট।
ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো নিশ্চিত করেছেন, জানুয়ারি থেকেই যেকোনো ক্লাবে যোগ দিতে পারবেন ৩০ বছর বয়সি এই ফরোয়ার্ড। লিভারপুলের হয়ে ২০১৫ থেকে ২০২২ সাল পর্যন্ত খেলে ১৭৫ ম্যাচে ৪১ গোল করেছিলেন ওরিগি।
ইসাকের ইনজুরির পর লিভারপুল মালিকপক্ষ এফএসজি স্পষ্ট করে দিয়েছে, জানুয়ারিতে মোহাম্মদ সালাহকে ছাড়ার কোনো পরিকল্পনা নেই। যদিও ফুটবল অর্থনীতি বিশ্লেষকদের দাবি, গ্রীষ্মে বড় অঙ্কের প্রস্তাব এলে সালাহকে বিক্রি করতে পারে ক্লাব।



সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন