ফুটবল প্রেমীদের জন্য এর চেয়ে বড় উপহার আর কী হতে পারে? বিশ্বকাপের মাত্র তিন মাস আগে মুখোমুখি হতে যাচ্ছে বর্তমান সময়ের সেরা দুই মহাদেশীয় চ্যাম্পিয়ন—স্পেন ও আর্জেন্টিনা। যে লুসাইল স্টেডিয়ামে লিওনেল মেসি বিশ্বজয়ের স্বপ্ন পূরণ করেছিলেন, সেই চেনা মাঠেই আগামী ২৭ মার্চ অনুষ্ঠিত হবে এই ‘মহা-ফাইনাল’।
স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে এই ম্যাচটিকে দেখছেন বড় একটি সুযোগ হিসেবে। যদিও লিওনেল স্কালোনি বা লিওনেল মেসি অতীতে ঠাসা সূচি ও খেলোয়াড়দের চোটের আশঙ্কায় কিছুটা সংশয় প্রকাশ করেছিলেন, লা ফুয়েন্তে কিন্তু এই লড়াইয়ের জন্য মুখিয়ে আছেন।
তিনি বলেন, আমি এই ম্যাচটির জন্য অত্যন্ত রোমাঞ্চিত। এটি কেবল দুই চ্যাম্পিয়নের লড়াই নয়, বরং নিজেদের সামর্থ্য প্রমাণের মঞ্চ। ফিনালিসিমা জিতলে বিশ্বকাপের আগে আমাদের আত্মবিশ্বাস বহুগুণ বেড়ে যাবে।
এদিকে, ২০২৪ সালে ইউরো জয়ের পর স্পেন এখন দারুণ ছন্দে। আর্জেন্টিনার মতো বিশ্বজয়ী দলকে হারাতে পারলে তারা বিশ্বকাপের জন্য ফেভারিট হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারবে।
দে লা ফুয়েন্তে বলেন, এটি কেবল একটি ম্যাচ নয়, এটি একটি ট্রফি জয়ের লড়াই। ব্রাজিল, ফ্রান্স বা জার্মানির মতো পরাশক্তিদের বিপক্ষে মাঠে নামার আগে আর্জেন্টিনা হবে তাদের সেরা ‘লিটমাস টেস্ট’।
এবারের বিশ্বকাপ হবে ৪৮ দলের লড়াই। এ নিয়ে স্পেন কোচ বলেন, বড় দলগুলোর পাশাপাশি নতুন ও ছোট দেশগুলোও এবার অঘটন ঘটাতে পারে। তাই বিশ্বকাপের আগে কোনো রকম ছাড় দিতে রাজি নন তিনি।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন