পিএসজি এবং নেইমার, এই দুটি নামের যাত্রা শুরু হয়েছিল রেকর্ড গড়ে, কিন্তু শেষটা হয়েছিল বেশ কিছুটা তিক্ততা নিয়ে। তবে মাঠের বাইরের সব বিতর্ক সরিয়ে রেখে এবার ক্লাব এবং সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন ব্রাজিলিয়ান এই ‘পোস্টার বয়।’
১৭ জানুয়ারি শনিবার, পিএসজি তাদের ইনস্টাগ্রাম পেজে একটি বিশেষ ভিডিও শেয়ার করে। সেখানে অতীতে ডিজনিকে ৮-০ গোলে উড়িয়ে দেওয়ার সেই ম্যাচের হাইলাইটস দেখানো হয়।
ভিডিওটিতে নেইমারের সেই বিখ্যাত ড্রিবলিং, নিখুঁত ফ্রি-কিক এবং চোখ ধাঁধানো সব গোল দেখে ফুটবলপ্রেমীরা আবারও পুরোনো স্মৃতিতে ফিরে যান।
যদিও পিএসজি ছাড়ার সময় ক্লাব কর্তৃপক্ষের সঙ্গে নেইমারের সম্পর্কের কিছুটা টানাপোড়েন ছিল, তবে বিদায়বেলায় বা তার পরবর্তী আচরণে তিনি বরাবরই পেশাদারিত্বের পরিচয় দিয়েছেন।
পিএসজির সেই ভিডিওর নিচে কমেন্ট বক্সে নেইমার লেখেন, ‘আপনাদের সঙ্গে কাটানো অসাধারণ মুহূর্তগুলোর জন্য কৃতজ্ঞ।’
নেইমার কেবল কমেন্ট করেই থেমে থাকেননি, তিনি ভিডিওটি নিজের ব্যক্তিগত ইনস্টাগ্রাম অ্যাকাউন্টেও শেয়ার করেছেন। এর মাধ্যমে তিনি তার কোটি কোটি ভক্তকে সেই সোনালি সময়ের কথা মনে করিয়ে দিলেন, যখন পার্ক দেস প্রিন্সেসে তার পায়ের জাদুতে মুগ্ধ হতো গোটা ফুটবল বিশ্ব।
পিএসজির জার্সিতে নেইমার বহু অসাধারণ ম্যাচ উপহার দিয়েছেন, তবে ডিজনিকে ৮-০ গোলে হারানোর সেই ম্যাচটি ছিল নেইমারের একক আধিপত্যের চূড়ান্ত উদাহরণ। সেই ম্যাচে তিনি একাই ৪টি গোল এবং ২টি অ্যাসিস্ট করেছিলেন।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন