হ্যারি কেইনের জোড়া গোলে ইউনিয়ন সেইন্ট-জিলোয়ার বিপক্ষে ২-০ ব্যবধানে জিতে শেষ ষোলো নিশ্চিত করেছে বায়ার্ন মিউনিখ। একই দিনে চ্যাম্পিয়ন্স লিগে মার্সেইকে ৩-০ গোলে হারিয়েছে লিভারপুল।
আর্নে স্লটের অধীনে লিভারপুল সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ১৩ ম্যাচ অপরাজিত থাকল। গত নভেম্বরে পিএসভি আইন্দহোভেনের কাছে ৪-১ হারের পর আর হারেনি তারা।
আফ্রিকা কাপ অব নেশনস খেলে দলে ফিরেছেন মোহাম্মদ সালাহ। তবে এই ম্যাচে তিনি গোল পাননি। প্রথম গোলটি করেন ডমিনিক সবোস্লাই। বিরতির ঠিক আগে ফ্রি-কিক থেকে নিচ দিয়ে বল পাঠান তিনি।
৭২ মিনিটে আসে দ্বিতীয় গোল। জেরেমি ফ্রিমপংয়ের ক্রস গোলরক্ষক জেরোনিমো রুল্লির গায়ে লেগে জালে ঢুকে যায়। শেষ মুহূর্তে বদলি খেলোয়াড় কোডি গাকপো তৃতীয় গোল করেন।
এই জয়ে ৩৬ দলের লিগ টেবিলে লিভারপুল আছে চার নম্বরে। আগামী সপ্তাহে কারাবাখকে হারালে শেষ ষোলো নিশ্চিত হবে তাদের।
অন্যদিকে আলিয়াঞ্জ অ্যারেনায় ইউনিয়ন সাঁ-জিলোয়ার বিপক্ষে জিতে শেষ আটে জায়গা নিশ্চিত করেছে বায়ার্ন মিউনিখ। আর্সেনালের সঙ্গে শেষ ষোলোতে সরাসরি উঠল জার্মান ক্লাবটি।
দ্বিতীয়ার্ধের শুরুতে হেডে গোল করেন হ্যারি কেইন। ৫৫ মিনিটে পেনাল্টি থেকে নিজের দ্বিতীয় গোল করেন তিনি। কিম মিন-জায়ে লাল কার্ড দেখলেও ১০ জনের দল নিয়ে ম্যাচ নিয়ন্ত্রণে রাখে বায়ার্ন।
পরে পেনাল্টি মিস করেন কেইন। তবুও এই মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে তার গোল সংখ্যা সাত ম্যাচে সাতটি। সব প্রতিযোগিতা মিলিয়ে গোল ৩৪টি।
এদিকে সেন্ট জেমস পার্কে পিএসভিকে ৩–০ গোলে হারিয়েছে নিউক্যাসল ইউনাইটেড। ম্যাচের শুরুতেই ইয়োনে উইসা গোল করেন। আধা ঘণ্টার মাথায় ব্যবধান বাড়ান অ্যান্থনি গর্ডন। ৬৫ মিনিটে তৃতীয় গোলটি করেন হার্ভে বার্নস। এই জয়ে ৭ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে সাতে আছে নিউক্যাসল। শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি।
স্ট্যামফোর্ড ব্রিজে সাইপ্রাসের পাফোসকে ১–০ গোলে হারিয়েছে চেলসি। ৭৮ মিনিটে মোইসেস কাইসেদোর হেডে পাওয়া গোলটি জয় নিশ্চিত করে ‘ব্লুজ’দের। নতুন কোচ লিয়াম রোজনিয়রের অধীন এটিই চেলসির প্রথম চ্যাম্পিয়নস লিগ ম্যাচ জয়। আটে থাকা চেলসির পয়েন্ট ৭ ম্যাচে ১৩। পিএসজি ও নিউক্যাসলের সমান পয়েন্ট হলেও গোল ব্যবধানে পিছিয়ে আছে ইংলিশ ক্লাবটি।
বেনফিকার বিপক্ষে ২–০ গোলে জিতেও সুবিধাজনক অবস্থানে নেই সাবেক চ্যাম্পিয়ন জুভেন্টাস। ৭ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে তারা আছে ১৫ নম্বরে।

-20260122100828.webp)

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন