যুক্তরাষ্ট্রে বাস্কেটবল ম্যাচ দেখতে গিয়ে চরম ভোগান্তির শিকার হয়েছেন ব্রাজিলিয়ান ফুটবল সুপারস্টার নেইমার জুনিয়র এবং রিয়াল মাদ্রিদ তারকা ভিনিসিউস জুনিয়র। মায়ামিতে বাস্কেটবল ম্যাচ উপভোগ শেষে ফেরার পথে আকস্মিক বন্যায় তলিয়ে যায় তাদের ব্যবহৃত বিলাসবহুল গাড়িগুলো।
জানা গেছে, মিয়ামি হিট বনাম বোস্টন সেলটিক্সের জমজমাট ম্যাচটি দেখতে স্টেডিয়ামে গিয়েছিলেন এই দুই তারকা। ম্যাচ শেষে স্টেডিয়ামের পার্কিং লটে নেমে আসে বিপর্যয়। প্রবল বৃষ্টিপাতের ফলে পার্কিং এলাকাটিতে দ্রুত হাঁটু সমান পানি জমে যায়।
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, পানির মধ্যে দাঁড়িয়ে থাকা নিজেদের ল্যাম্বরগিনিসহ অন্যান্য দামি গাড়ির অবস্থা দেখে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছেন নেইমার। অন্যদিকে, এই ঘটনায় ভিনিসিউসকে বেশ রাগান্বিত দেখাচ্ছিল।
প্রত্যক্ষদর্শীদের মতে, বন্যায় নেইমার ও ভিনিসিউস ছাড়াও আরও বেশ কয়েকজন ভিআইপি অতিথির গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ঘটনায় স্টেডিয়াম কর্তৃপক্ষের চরম গাফিলতি রয়েছে বলে অভিযোগ তুলেছেন ভিনিসিউস জুনিয়র।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন