নতুন মৌসুমে নতুন শুরুর প্রত্যাশা নিয়ে মাঠে নেমেছিল ইন্টার মিয়ামি। তবে মাঠের লড়াইয়ে তার প্রতিফলন দেখা গেল না। ২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে উত্তর আমেরিকায় যখন ফুটবল উন্মাদনা তুঙ্গে, ঠিক তখনই লস অ্যাঞ্জেলস এফসির (এলএএফসি) কাছে ২-০ গোলের হার দিয়ে মেজর লিগ সকার (এমএলএস) মিশন শুরু করলেন লিওনেল মেসিরা।
রোববার (২২ ফেব্রুয়ারি) লস অ্যাঞ্জেলস কোলিসিয়ামে অনুষ্ঠিত ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলে স্বাগতিক এলএএফসি। দক্ষিণ কোরিয়ান তারকা সন হিউং মিনের দলের বিপক্ষে এদিন ম্লান ছিল এলএমটেনের ম্যাজিক।
ম্যাচের শুরু থেকেই বল দখলে মিয়ামি এগিয়ে থাকলেও প্রতিআক্রমণে আতঙ্ক ছড়ায় লস অ্যাঞ্জেলস। ম্যাচের ৩৮ মিনিটে ডেভিড মার্টিনেজের বাঁ পায়ের এক অসাধারণ দূরপাল্লার শটে প্রথম গোল পায় স্বাগতিকরা। গোলরক্ষককে কোনো সুযোগ না দিয়েই বল জালে জড়ান তিনি। ১-০ গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় মিয়ামি।
দ্বিতীয়ার্ধে গোল শোধে মরিয়া হয়ে ওঠে ইন্টার মিয়ামি। ৩৯ ছুঁইছুঁই মেসি বেশ কয়েকবার মাঝমাঠ থেকে বল নিয়ে আক্রমণে উঠলেও ফিনিশিংয়ের অভাবে গোল পাওয়া হয়নি।
উল্টো ৭৩ মিনিটে ডেনিস বোয়াংগা গোল করে মিয়ামির কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন। শেষ পর্যন্ত ২-০ ব্যবধানের হার নিয়েই মাঠ ছাড়তে হয় গোলাপি জার্সিধারীদের।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন