প্রতিশ্রুতি রক্ষা করলেন লিওনেল মেসি। হ্যামস্ট্রিং ইনজুরির কারণে স্থগিত হওয়া ম্যাচ খেলতে পুয়ের্তো রিকোয় গিয়ে শুধু মাঠেই নামলেন না, গোল করে ইন্টার মিয়ামিকে এনে দিলেন ২-১ ব্যবধানের দারুণ এক জয়। ইকুয়েডরিয়ান ক্লাব ইন্দেপেন্দিয়েন্তে দেল ভাল্লের বিপক্ষে এই জয়ের মধ্য দিয়ে শেষ হলো মিয়ামির প্রাক-মৌসুম সফর।
গত ১৩ ফেব্রুয়ারি এই ম্যাচটি হওয়ার কথা থাকলেও মেসির ইনজুরির কারণে তা পিছিয়ে দেওয়া হয়েছিল। বৃহস্পতিবার সেই স্থগিত ম্যাচে মাঠে নামে এমএলএস চ্যাম্পিয়নরা। ম্যাচজুড়ে গ্যালারিতে ছিল উপচে পড়া ভিড়। আর্জেন্টাইন অধিনায়ক যখনই বল ছুঁয়েছেন, গ্যালারিতে তখন উৎসবের আমেজ।
ম্যাচের প্রথমার্ধে মিয়ামির হয়ে প্রথম গোলটি করেন সান্তিয়াগো মোরালেস। তবে ম্যাচের মূল আকর্ষণ তৈরি হয় বিরতির পর মেসি মাঠে নামার পর। ম্যাচের দ্বিতীয়ার্ধে পেনাল্টি থেকে নিখুঁত শটে গোল করে দলের জয় নিশ্চিত করেন এই বিশ্বকাপজয়ী মহাতারকা।
এমএলএসের নতুন মৌসুমের প্রথম ম্যাচে এলএএফসির কাছে ৩-০ গোলে হেরে ব্যাকফুটে ছিল মিয়ামি। তাই ব্যস্ত সূচির মধ্যেও কোচ হাভিয়ের মাসচেরানো ইন্দেপেন্দিয়েন্তের বিপক্ষে লুইস সুয়ারেজসহ শক্তিশালী একাদশ নামিয়েছিলেন। দলের অনিয়মিত খেলোয়াড়দের ম্যাচ প্র্যাকটিস করিয়ে নেওয়াই ছিল তার মূল লক্ষ্য।
ম্যাচ চলাকালীন মেসির আকাশচুম্বী জনপ্রিয়তার আরও একটি প্রমাণ পাওয়া যায়। খেলা শেষ হওয়ার ঠিক আগমুহূর্তে কড়া নিরাপত্তা ভেঙে মাঠে ঢুকে পড়েন বেশ কিছু ভক্ত। তাদের মধ্যে দুজন ভাগ্যবান ভক্ত মেসির সঙ্গে সেলফি তুলতেও সফল হন।


