প্রিমিয়ার লিগে ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের বিপক্ষে মাঠে নামার আগে লিভারপুল শিবিরে মিশ্র হাওয়া। ইনজুরি কাটিয়ে জেরেমি ফ্রিমপং দলে ফিরলেও, ছিটকে গেছেন দলের প্রাণভোমরা ফ্লোরিয়ান ভির্টজ। শুক্রবার ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে এই খবরের সত্যতা নিশ্চিত করেছেন অলরেড কোচ আর্নে স্লট।
গত সপ্তাহে নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের ঠিক আগমুহূর্তে বড় ধাক্কা খায় লিভারপুল। ওয়ার্ম-আপের সময় পিঠের ইনজুরিতে পড়ে মূল একাদশ থেকে ছিটকে যান জার্মান তারকা ফ্লোরিয়ান ভির্টজ।
তার অনুপস্থিতিতে মাঝমাঠে লিভারপুলকে বেশ ধুঁকতে দেখা গিয়েছিল। যদিও অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের শেষ মুহূর্তের গোলে কোনোমতে ১-০ ব্যবধানে জয় পায় দলটি।
আশা করা হয়েছিল ওয়েস্ট হ্যামের বিপক্ষে ফিরবেন এই ২২ বছর বয়সী প্লে-মেকার। তবে কোচ আর্নে স্লটের কথায় ঝরল হতাশা।
তিনি বলেন, ফ্লোরিয়ানকে এই ম্যাচে পাওয়া যাবে বলে আমি আশা করছি না। এটি অবশ্যই বড় একটি হতাশার খবর। গত সপ্তাহের পরিস্থিতির পর আমি এমনটা আশা করিনি, কিন্তু ইনজুরি সব সময় আপনার ভাবনার মতো এগোয় না। দুর্ভাগ্যবশত এবার পরিস্থিতি ইতিবাচক নয়।
ভির্টজ ঠিক কবে নাগাদ ফিরতে পারেন, সে ব্যাপারেও কোনো সুনির্দিষ্ট তথ্য দিতে পারেননি ডাচ কোচ। তবে হ্যামার্সদের বিপক্ষে লড়াইয়ের আগে একটি সুসংবাদও পেয়েছে অ্যানফিল্ডের সমর্থকরা।
প্রায় এক মাস মাঠের বাইরে থাকার পর ফিরছেন জেরেমি ফ্রিমপং। চ্যাম্পিয়ন্স লিগে কারাবাগের বিপক্ষে ম্যাচে কুঁচকির চোটে পড়েছিলেন তিনি।
ফ্রিমপং প্রসঙ্গে স্লট জানান, জেরেমি এখন খেলার জন্য প্রস্তুত। সে চলতি সপ্তাহে আমাদের সাথে বেশ কয়েকবার পূর্ণাঙ্গ অনুশীলন করেছে। তাই সে সিলেকশনের জন্য উপলব্ধ থাকছে।
বর্তমানে লিভারপুল মৌসুমের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় পার করছে। প্রিমিয়ার লিগ শিরোপার দৌড়ে টিকে থাকার পাশাপাশি চ্যাম্পিয়ন্স লিগ এবং এফএ কাপের লড়াইয়েও তারা ব্যস্ত। এমন সময়ে রেলিগেশন জোনের কাছাকাছি থাকা ওয়েস্ট হ্যামের বিপক্ষে পূর্ণ ৩ পয়েন্ট পেতেই মাঠে নামবে অলরেডরা।



