নারী এশিয়ান কাপের অভিষেকেই চোখে চোখ রেখে লড়ল বাংলাদেশ। টুর্নামেন্টের ৯ বারের চ্যাম্পিয়ন এবং বর্তমান শিরোপাধারী শক্তিশালী চীনের বিপক্ষে ২-০ গোলে হেরেছে লাল-সবুজের প্রতিনিধিরা। তবে স্কোরলাইন ছাপিয়ে আলোচনায় উঠে এসেছে ঋতু-আফইদাদের লড়াকু ফুটবল।
শক্তিতে যোজন যোজন পিছিয়ে থাকলেও মাঠে তার ছিটেফোঁটাও বুঝতে দেয়নি বাংলাদেশ। ১৯-২০ বছরের তরুণ দল নিয়ে চীনের অভিজ্ঞ ফুটবলারদের কড়া চ্যালেঞ্জের মুখে ফেলেছিলেন কোচ পিটার বাটলারের শিষ্যরা। ম্যাচ শেষে তাই স্কোরলাইনের চেয়েও বড় হয়ে উঠেছে মেয়েদের সাহসিকতা।
ম্যাচ শেষে উচ্ছ্বাস প্রকাশ করে কোচ পিটার বাটলার বলেন, মেয়েরা দেশের নাম উজ্জ্বল করেছে, জার্সির মান রেখেছে। আমরা শুধু রক্ষণ সামলাতে আসিনি, সাহসের সঙ্গে নিজেদের স্বাভাবিক খেলাটা খেলতে চেয়েছি এবং তারা সেটি পেরেছে।
এদিন অভিজ্ঞ রূপনা চাকমার বদলে তরুণ মিলি আক্তারকে একাদশে নামিয়ে চমক দেন বাটলার। মিলিও প্রতিদান দিয়েছেন দুর্দান্ত কিছু সেভ করে। তার পারফরম্যান্সে অবাক হয়েছেন চীনের কোচ আন্তে মিলিচিচও।
চীনের কোচ আন্তে মিলিচিচ বলেন, বাংলাদেশ কোনো চাপ ছাড়াই মুক্তভাবে খেলেছে। প্রথম ম্যাচে আমরা ২ গোল করেছি এবং কোনো গোল খাইনি, এতেই আমরা সন্তুষ্ট। তবে বাংলাদেশের লড়াকু মানসিকতা প্রশংসার দাবি রাখে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন