পেশাদার ফুটবলের ইতিহাসে দ্বিতীয় খেলোয়াড় হিসেবে ৯০০ গোলের অবিশ্বাস্য মাইলফলক স্পর্শ করেছেন লিওনেল মেসি। তবে আর্জেটাইন মহাতারকার এই ঐতিহাসিক অর্জনের রাতেও হাসিমুখে মাঠ ছাড়তে পারেনি ইন্টার মিয়ামি। কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপের রাউন্ড অব সিক্সটিন থেকে নাটকীয়ভাবে ছিটকে গেছে ডেভিড বেকহামের দল।
বুধবার রাতে ঘরের মাঠে অনুষ্ঠিত দ্বিতীয় লেগের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। তবে প্রতিপক্ষের মাঠে গোল করার (অ্যাওয়ে গোল) সুবিধায় মিয়ামিকে বিদায় করে টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে ন্যাশভিলে এফসি। এর আগে প্রথম লেগের ম্যাচটি ন্যাশভিলের মাঠে গোলশূন্য ড্র হয়েছিল।
এদিন ম্যাচের শুরুতেই অবশ্য উৎসবের আমেজ ছড়িয়েছিলেন মেসি। খেলার মাত্র সপ্তম মিনিটে সতীর্থের বাড়ানো বল নিয়ন্ত্রণে নিয়ে একজনকে কাটিয়ে দর্শনীয় এক শটে বল জালে জড়ান আর্জেন্টাইন অধিনায়ক।
মাটি কামড়ানো সেই শটটি ন্যাশভিলে গোলরক্ষকের হাতে লাগলেও জালে জড়ানো থেকে আটকাতে পারেননি। এই গোলের মাধ্যমেই ক্রিশ্চিয়ানো রোনালদোর পর বিশ্বের দ্বিতীয় ফুটবলার হিসেবে ৯০০ গোলের মাইলফলক পূর্ণ করেন তিনি।
ম্যাচে সবদিক থেকেই আধিপত্য ছিল ইন্টার মিয়ামির। হাভিয়ের মাশ্চেরানোর দল ৫৯ শতাংশ বল দখলে রেখে গোলের জন্য ৯টি শট নেয়, যার মধ্যে ৬টিই ছিল লক্ষ্যে। বিপরীতে ন্যাশভিলের নেওয়া ৩টি শটের মধ্যে লক্ষ্যে ছিল মাত্র একটি, আর তাতেই কপাল পুড়েছে মায়ামির। ম্যাচের ৭৪ মিনিটে ক্রিস্টিয়ান এসপিনোজার গোলে সমতায় ফেরে সফরকারীরা।
শেষ দিকে লিড নেওয়ার মরিয়া চেষ্টা চালিয়েছিল মিয়ামি। স্টপেজ টাইমে মেসির একটি জোরালো শট প্রতিপক্ষের রক্ষণভাগে বাধা পেলে সমতা আর ভাঙা সম্ভব হয়নি। ১-১ সমতায় ম্যাচ শেষ হওয়ায় অ্যাওয়ে গোলের গ্যাঁড়াকলে পড়ে টুর্নামেন্ট থেকে ছিটকে যায় এমএলএসের ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন