ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

৩৪ বছর বয়সেই ফুটবলকে বিদায় জানালেন ব্রাজিল তারকা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ৫, ২০২৬, ০৪:৩১ পিএম
ব্রাজিলিয়ান তারকা মিডফিল্ডার অস্কার। ছবি : সংগৃহীত

সাধারণত ৩৫ পেরোনোর পর ফুটবলাররা অবসরের প্রহর গুনতে শুরু করেন। কিন্তু মাঝেমধ্যে অনাকাঙ্ক্ষিত শারীরিক পরিস্থিতি খেলোয়াড়দের বাধ্য করে সবুজ গালিচা থেকে অকালেই সরে যেতে। 

ঠিক তেমন এক বিষাদময় পরিস্থিতির শিকার হলেন ব্রাজিলিয়ান তারকা মিডফিল্ডার অস্কার। হৃদরোগজনিত গুরুতর জটিলতার কারণে মাত্র ৩৪ বছর বয়সেই পেশাদার ফুটবল ক্যারিয়ারের ইতি টানার ঘোষণা দিয়েছেন চেলসির সাবেক এই তারকা।

২০২৭ সালের শেষ পর্যন্ত শৈশবের ক্লাব সাও পাওলোর সঙ্গে চুক্তিবদ্ধ ছিলেন অস্কার। ২০২৪ সালে চীনের অধ্যায় চুকিয়ে ফ্রি এজেন্ট হিসেবে নিজের প্রিয় ক্লাবে ফিরেছিলেন তিনি।

তবে চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই তাকে থামতে হলো। সাও পাওলো ক্লাব কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে, শারীরিক অসুস্থতার কারণে অস্কারের পক্ষে আর উচ্চশক্তির ফুটবল চালিয়ে যাওয়া সম্ভব নয়।

অবসরের ঘোষণা দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন পোস্ট দিয়েছেন অস্কার। তিনি বলেন, ‘সাও পাওলোর হয়ে আরও কিছুদিন খেলার খুব ইচ্ছে ছিল। নিজেকে মানসিকভাবে প্রস্তুতও করেছিলাম। কিন্তু দুর্ভাগ্যবশত শরীর আর সায় দিচ্ছে না। এখন থেকে আমি কেবল সাও পাওলোর একজন ভক্ত হিসেবেই গ্যালারিতে থাকব।’

বিদায়বেলায় অস্কার শুনিয়েছেন মৃত্যুর মুখ থেকে ফিরে আসার গল্প। গত বছরের নভেম্বরে সাও পাওলোর ট্রেনিং সেন্টারে ফিটনেস পরীক্ষার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। 

সেই সময়ের বর্ণনা দিয়ে অস্কার বলেন, প্রায় আড়াই মিনিটের জন্য আমার হৃৎস্পন্দন থেমে গিয়েছিল। চিকিৎসকরা আমাকে দুই মিনিটেরও বেশি সময় ধরে সিপিআর দিয়েছিলেন। অচেতন অবস্থায় মনে হচ্ছিল আমি কোনো সুন্দর স্বপ্নের মধ্যে আছি, যেন শরীর ছেড়ে প্রাণ বেরিয়ে যাচ্ছে। ঠিক তখনই মনে হলো আমার ছেলে বলছে, ‘বাবা ফিরে এসো’।

ক্লাব ফুটবলে অস্কারের সোনালি সময় কেটেছে চেলসিতে। ইংলিশ ক্লাবটির হয়ে তিনি দুইবার প্রিমিয়ার লিগ ও একবার ইউরোপা লিগ জয়ের স্বাদ পেয়েছেন। ব্রাজিলের জাতীয় দলের হয়েও তিনি ছিলেন অন্যতম ভরসা। সেলেসাওদের জার্সি গায়ে ৪৮ ম্যাচে করেছেন ১২টি গোল।