অ্যানফিল্ডের ‘ম্যাজিক’ আর কাজ করল না। ঘরের মাঠে ঘুরে দাঁড়ানোর প্রবল লক্ষ্য নিয়ে নেমেও শেষ রক্ষা হলো না লিভারপুলের। উসমান দেম্বেলের জোড়া গোলে অলরেডদের হতাশায় ডুবিয়ে দুই লেগ মিলিয়ে ৪-০ ব্যবধানে চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালে জায়গা করে নিয়েছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)।
প্রথম লেগে ২-০ ব্যবধানে পিছিয়ে থাকা লিভারপুলের সামনে সমীকরণ ছিল কঠিন। মঙ্গলবার রাতে সেই কঠিন কাজকে অসম্ভব করে তোলেন ফরাসি তারকা উসমান দেম্বেলে।
ম্যাচের নিয়ন্ত্রণ শুরু থেকেই ছিল পিএসজির হাতে। যদিও মাঝপথে চোট পেয়ে উগো একিটিকে মাঠ ছাড়লে কিছুটা ধাক্কা খেয়েছিল প্যারিসের ক্লাবটি। তবে বদলি হিসেবে নামা মোহামেদ সালাহ আক্রমণের ধার বাড়ালেও জালের দেখা পায়নি লিভারপুল।
ম্যাচের পরিসংখ্যান বলছে, লিভারপুল বিরতির পর গোলমুখে আক্রমণের ঝড় তুলেছিল। দ্বিতীয়ার্ধে তারা মোট ১৭টি শট নেয়, যার ৫টি ছিল লক্ষ্যে। বিশেষ করে ভার্জিল ফন ডাইকের একটি নিশ্চিত গোল গোললাইন থেকে রক্ষা করেন পিএসজি অধিনায়ক মার্কিনিয়োস।
ম্যাচের ৬৪তম মিনিটে পেনাল্টির জোরালো দাবি তোলে লিভারপুল। ম্যাক এলিস্টার ফাউলের শিকার হলে রেফারি বাঁশি বাজালেও পরবর্তীতে ভিএআর পরীক্ষায় সিদ্ধান্ত বাতিল হয়, যা লিভারপুল সমর্থকদের ক্ষোভ আরও বাড়িয়ে দেয়।
শেষ দিকে তরুণ তুর্কি রিও নুগোমোহা এবং কোডি হাকপো আপ্রাণ চেষ্টা করেও পিএসজির রক্ষণভাগ ভাঙতে পারেননি।
৬৭তম মিনিটে পাল্টা আক্রমণ থেকে লিভারপুলের কফিনে শেষ পেরেকটি ঠোকেন দেম্বেলে। দুর্দান্ত এক দূরপাল্লার শটে ব্যবধান বাড়ান তিনি। এরপর যোগ করা সময়ের প্রথম মিনিটে বার্কোলার পাস থেকে নিজের দ্বিতীয় গোলটি করে দলের বড় জয় নিশ্চিত করেন এই ফরোয়ার্ড।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন