সৌদি আরবের ক্লাব আল নাসরে ক্রিস্টিয়ানো রোনালদোর ভবিষ্যৎ নিয়ে নতুন করে তৈরি হয়েছে বড় ধরনের অনিশ্চয়তা। লিগ কর্তৃপক্ষের সঙ্গে নীতিগত বিরোধের জেরে চলতি গ্রীষ্মকালীন দলবদলেই ক্লাব ছাড়তে পারেন এই পর্তুগিজ মহাতারকা—এমনটাই জানিয়েছে একাধিক আন্তর্জাতিক ক্রীড়া সংবাদমাধ্যম।
জানা গেছে, ৩৯ বছর বয়সী এই ফুটবল কিংবদন্তি তার বড় ছেলে ক্রিস্টিয়ানো রোনালদো জুনিয়রকে আল নাসরের মূল দলে (সিনিয়র টিম) অন্তর্ভুক্ত করার জন্য ক্লাব ও লিগ কর্তৃপক্ষের কাছে একটি বিশেষ অনুরোধ জানান।
বর্তমানে আল নাসরের বয়সভিত্তিক দলে দুর্দান্ত ফর্মে থাকা রোনালদো জুনিয়রের প্রতিভার ওপর ভরসা করেই বাবা চেয়েছিলেন তাকে পেশাদার লিগের মূল স্রোতে নিয়ে আসতে। তবে তার সেই প্রস্তাব সরাসরি নাকচ করে দিয়েছে সৌদি প্রো লিগ বোর্ড।
লিগের বিদ্যমান নিয়ম অনুযায়ী, ১৮ বছরের কম বয়সী কোনো খেলোয়াড় শীর্ষ পর্যায়ের পেশাদার লিগে অংশ নিতে পারেন না। বোর্ড সাফ জানিয়ে দিয়েছে যে, রোনালদোর মতো বিশ্বখ্যাত তারকার ক্ষেত্রেও এই নিয়মের কোনো ব্যত্যয় ঘটানো হবে না।
ছেলের ব্যাপারে কর্তৃপক্ষের এমন কড়া অবস্থানে রোনালদো ব্যক্তিগতভাবে প্রচণ্ড ক্ষুব্ধ হয়েছেন বলে জানা গেছে। এই ঘটনাকে কেন্দ্র করে বর্তমানে রোনালদো ও লিগ কর্তৃপক্ষের মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছে।
এদিকে মাঠের বাইরের এই বিতর্ক রোনালদোর পারফরম্যান্সে কোনো নেতিবাচক প্রভাব ফেলতে পারেনি। চলতি মৌসুমেও তিনি রয়েছেন গোল করার দুর্দান্ত ছন্দে। তার জাদুকরী নেতৃত্বেই আল নাসর বর্তমানে সৌদি প্রো লিগের শিরোপা জয়ের একেবারে দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন