মাঠে জুভেন্টাসের বিপক্ষে লড়াইটা ছিল সমানে সমান, কিন্তু সেই লড়াই লুকা মদ্রিচের জন্য নিয়ে এলো বড় এক দুঃসংবাদ। গত রাতে সিরি-এ লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে জুভেন্টাস মিডফিল্ডার ম্যানুয়েল লোকাতেলির সাথে দুর্ঘটনাবশত মাথায় সংঘর্ষ ঘটে এই ক্রোয়েশিয়ান তারকার। মাঠেই প্রাথমিক চিকিৎসা শেষে তাকে তুলে নেওয়া হলেও আজ পরীক্ষার পর জানা গেছে চোটের ভয়াবহতা।
এসি মিলান কর্তৃপক্ষ আজ (২৮ এপ্রিল) এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানিয়েছে, ৪০ বছর বয়সী এই মিডফিল্ডারের বাঁদিকের গালের হাড় একাধিক জায়গায় ভেঙে গেছে। পরিস্থিতি বিবেচনায় দেরি না করে আজই মিলানের 'লা মাদোনিনা' ক্লিনিকে তার অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। চিকিৎসক লুকা আউতেলিতানোর নেতৃত্বে মিলানের মেডিকেল টিমের উপস্থিতিতে এই অস্ত্রোপচার সফলভাবে শেষ হয়।
অস্ত্রোপচার সফল হলেও এসি মিলানের হয়ে এই মৌসুমে আর মাঠে নামা হচ্ছে না মদ্রিচের। ক্লাব কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, ক্লাবের হয়ে তার ২০২৫-২৬ মৌসুম এখানেই শেষ। তবে সামনেই যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিতব্য ফিফা বিশ্বকাপ নিয়ে এখনই আশা ছাড়ছে না ক্রোয়েশিয়া।
প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, লুকা মদ্রিচ বিশ্বকাপে অংশ নিতে পারবেন, তবে তাকে অবশ্যই বিশেষ 'প্রতিরক্ষামূলক মাস্ক' পরে খেলতে হবে।
চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এ ধরনের চোট কাটিয়ে পূর্ণ ফিটনেস ফিরে পেতে সাধারণত ৬ থেকে ৮ সপ্তাহ সময়ের প্রয়োজন হয়। বিশ্বকাপ শুরু হতে হাতে খুব বেশি সময় না থাকায় একে সময়ের বিরুদ্ধে এক কঠিন লড়াই হিসেবেই দেখা হচ্ছে।
মিলান তাদের বিবৃতিতে মদ্রিচের দ্রুত আরোগ্য কামনা করে জানায়, আমাদের প্রত্যাশা লুকা দ্রুত সুস্থ হয়ে বিশ্বকাপের মঞ্চে ফিরবেন।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন