ফুটবল বিশ্বে লিওনেল মেসি বনাম ক্রিশ্চিয়ানো রোনালদো—কে সেরা, এই বিতর্ক এক যুগেরও বেশি সময় ধরে চলে আসছে। এই তর্কে এবার ঘি ঢাললেন রিয়াল মাদ্রিদ কিংবদন্তি মার্সেলো। দীর্ঘ ৯ বছর ক্রিশ্চিয়ানো রোনালদোর সঙ্গে একই ড্রেসিংরুম ভাগ করে নিলেও এবং অসংখ্য শিরোপা জিতলেও, মার্সেলোর মতে মাঠের লড়াইয়ে সবচেয়ে কঠিন প্রতিপক্ষ ছিলেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি।
সম্প্রতি ব্রাজিলের কিংবদন্তি স্ট্রাইকার রোমারিও-র ইউটিউব চ্যানেলে দেওয়া এক সাক্ষাৎকারে মার্সেলো তার ক্যারিয়ারের অভিজ্ঞতার কথা তুলে ধরেন। দীর্ঘ সময় রিয়াল মাদ্রিদের রক্ষণভাগ সামলানো এই ডিফেন্ডার মেসির ফুটবলীয় মেধার ভূয়সী প্রশংসা করে বলেন, মেসি অসাধারণ ছিল। সে মাঠের প্রতিটি পজিশন খুব ভালো বোঝে। যখন তার কোনো সতীর্থের কাছে বল থাকে, মেসি আগে থেকেই জানে তাকে কোথায় মুভ করতে হবে।
রিয়াল মাদ্রিদে থাকাকালীন মার্সেলো ও রোনালদো জুটি ছিল বিশ্বফুটবলের অন্যতম সেরা রসায়ন। লস ব্লাঙ্কোদের হয়ে রোনালদোর ৪৩৮ ম্যাচে ৪৫০ গোলের অবিশ্বাস্য যাত্রায় ৩৩৩ বার সঙ্গী ছিলেন মার্সেলো। জিতেছেন চারটি চ্যাম্পিয়ন্স লিগ ও দুটি লা লিগা শিরোপা।
অথচ সেই পরম বন্ধুকে ছাপিয়ে মার্সেলোর কণ্ঠে ঝরল বার্সেলোনা কিংবদন্তি মেসির নাম। মজার ছলে এই ব্রাজিলিয়ান তারকা বলেন, আমি এখনো মেসিকে মাঠে ধরার চেষ্টা করছি, সে এতটাই অপ্রতিরোধ্য।
পরিসংখ্যান বলছে, মার্সেলোর ক্যারিয়ারে সবচেয়ে বেশিবার যে খেলোয়াড়ের মুখোমুখি হয়েছেন, তিনি লিওনেল মেসি। এল ক্লাসিকো এবং আন্তর্জাতিক ম্যাচ মিলিয়ে তারা একে অপরের বিরুদ্ধে ৩৩ বার মাঠে নেমেছেন। এই লড়াইগুলোতে মেসি গোল করেছেন ২৪টি।
মার্সেলো স্বীকার করে জানান, মেসিকে আটকানো রক্ষণভাগের খেলোয়াড়দের জন্য কতটা দুঃসাধ্য ছিল।
মার্সেলো আরও জানান, আমি ভাগ্যবান যে আমি তাদের দুজনের যুগেই ফুটবল খেলেছি। মানুষের উচিত ‘মেসি না রোনালদো’ এই তর্কে না গিয়ে তাদের খেলা উপভোগ করা। আমরা এমন এক সময় দেখেছি যা ফুটবলের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন