ঢাকা রবিবার, ২৮ জুন, ২০২৬

বিশ্বকাপের মাঝেই রোনালদো-জর্জিনার বিয়ের গুঞ্জন

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: জুন ২৮, ২০২৬, ০৮:৫৯ পিএম
ছবি : সংগৃহীত

চলছে ফিফা ফুটবল বিশ্বকাপ ২০২৬। গ্রুপ পর্ব শেষ হওয়ার মধ্যেই পর্তুগিজ তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো ও তার দীর্ঘদিনের সঙ্গী জর্জিনা রদ্রিগেজকে ঘিরে নতুন গুঞ্জন ছড়িয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হচ্ছে, চলতি বছরই বিয়ের পিঁড়িতে বসতে পারেন এই তারকা জুটি।

রোনালদো ও জর্জিনা প্রায় এক দশক ধরে একসঙ্গে রয়েছেন। তাদের সংসারে পাঁচ সন্তান রয়েছে, যার মধ্যে দু'জনের মা জর্জিনা। দীর্ঘদিন ধরে একসঙ্গে থাকলেও আনুষ্ঠানিকভাবে বিয়ে করেননি তারা।

স্প্যানিশ সাময়িকী হোলারের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, বিশ্বকাপ শেষে সেপ্টেম্বরে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করার পরিকল্পনা প্রায় চূড়ান্ত করেছেন রোনালদো ও জর্জিনা। যদিও এ বিষয়ে এখন পর্যন্ত কেউই প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি।

গত বছরের আগস্টে জর্জিনাকে বিয়ের প্রস্তাব দেন রোনালদো। সে সময় সামাজিক যোগাযোগমাধ্যমে বাগদানের আংটির ছবি শেয়ার করে প্রস্তাবে সম্মতির বিষয়টি জানান জর্জিনা।

এর আগে এক সাক্ষাৎকারে রসিকতা করে রোনালদো বলেছিলেন, ‘বিশ্বকাপের পর বিয়ে করব। আশা করি, বিশ্বকাপ ট্রফি হাতে নিয়েই বিয়ে করতে যেতে পারব।’

তবে বিয়ের বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা না আসায় বিষয়টি গুঞ্জন হিসেবেই বিবেচিত হচ্ছে। বিশ্বকাপ শেষ হওয়ার পরই এ বিষয়ে পরিষ্কার ধারণা পাওয়া যেতে পারে।

ফুটবল ক্যারিয়ারের শেষ অধ্যায়ে থাকা ৪১ বছর বয়সী রোনালদো ব্যক্তিগত জীবনে নতুন অধ্যায় শুরু করতে পারেন বলেই ধারণা করছেন তার ভক্তরা।