বিশ্বখ্যাত ফুটবল তারকা লিওনেল মেসির ভারত সফর শুরুতেই চরম বিশৃঙ্খলার মধ্য দিয়ে গেল। শনিবার (১৩ ডিসেম্বর) কলকাতার সল্টলেক স্টেডিয়ামে তিন ঘণ্টারও কম সময়ে হাজারো দর্শক ভাঙচুর ও বিশৃঙ্খলার মুখে পড়েন।
যুবভারতী স্টেডিয়ামে মেসিকে দেখতে এসে দর্শকরা ঠিকমত গ্যালারিতে অবস্থান করতে না পারায় হতাশা ও ক্ষোভের সৃষ্টি হয়। অসন্তুষ্ট দর্শকরা বেষ্টনী ভেঙে মাঠে ঢুকেন এবং কার্পেট, চেয়ার, ফুলের টবসহ বিভিন্ন সামগ্রী লুট করেন।
এই ঘটনায় মেসিকে ভারতে আনার মূল উদ্যোক্তা শতদ্রু দত্তকে আটক করা হয়। রোববার তাকে বিধাননগর মহকুমা আদালতে হাজির করা হয়।
মুখ সাদা কাপড়ে ঢাকা অবস্থায় কঠোর নিরাপত্তার মধ্যে আদালতে আনা হয় শতদ্রুকে। এ সময় আদালত চত্বরেও বিজেপি কর্মী ও সমর্থকরা বিক্ষোভ দেখান এবং শতদ্রুর বিরুদ্ধে ‘চোর চোর’ স্লোগান দেন।
আদালত পুলিশের আবেদন মেনে শতদ্রুকে ১৪ দিনের পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেন। সরকারের আইনজীবীও তার জামিনের বিরোধিতা করেন।
শতদ্রুর আইনজীবী দ্যুতিময় ভট্টাচার্য বলেন, মেসিকে কলকাতায় আনার উদ্দেশ্য ছিল শিশু ও যুবকদের ফুটবলের সঙ্গে পরিচিত করা এবং উপযুক্ত শিক্ষা দেওয়া। স্টেডিয়ামে যা ঘটেছে তা মানুষের অনভিজ্ঞতা ও অযৌক্তিক প্রতিক্রিয়ার ফল।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন