ঢাকার উডেন ফ্লোর জিমনেসিয়ামে অনুষ্ঠিত ইউনেক্স-সানরাইজ বাংলাদেশ আন্তর্জাতিক ব্যাডমিন্টন টুর্নামেন্টে ইতিহাস রচনা করেছে বাংলাদেশের শাটলাররা। প্রথমবারের মতো কোনো বাংলাদেশি জুটি ফাইনালে পৌঁছেছে।
মিশ্র দ্বৈতের সেমিফাইনালে আল আমিন জুমার ও উর্মী আক্তার জুটি থাইল্যান্ডের কুনলাপাত লোথং ও সারিসা জানপেং জুটিকে সরাসরি ২১-১১ ও ২১-১৪ সেটে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে।
বাংলাদেশ কোয়ার্টার ফাইনালে ইতিমধ্যেই ভারতকে হারিয়ে ব্রোঞ্জ পদক নিশ্চিত করেছিল। এবার তারা আজ ফাইনালে মালয়েশিয়ার বিরুদ্ধে স্বর্ণপদকের জন্য লড়াই করবে।
ফাইনাল নিশ্চিত হওয়ার পর উর্মী আক্তার বলেন, সকালেই আমরা বলেছিলাম, আমরা চ্যাম্পিয়ন হতে চাই। এখন ফাইনাল নিশ্চিত করেছি। স্বর্ণ জিততে চাই।
আল আমিন জুমার বলেন, সাত বছর ধরে আমরা মিশ্র দ্বৈতে খেলছি এবং এই মুহূর্ত আমাদের জন্য বিশেষ।
কোচ এলিনা সুলতানা বলেন, দেশের ব্যাডমিন্টনে ইতিহাস তৈরি করেছে উর্মী ও জুমার। আশা করি, ফাইনালে জিতে সেই ইতিহাসকে স্বর্ণাক্ষরে লিখে রাখবে তারা।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন