ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

এশিয়ান আরচারিতে বাংলাদেশের স্বর্ণ জয়

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: মার্চ ২৭, ২০২৬, ১০:৫৫ এএম
ছবি : সংগৃহীত

এশিয়ান আরচারি টুর্নামেন্টে স্বর্ণপদক জিতেছে বাংলাদেশ। আজ (শুক্রবার) সকালে থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত টুর্নামেন্টের কম্পাউন্ড পুরুষ দলগত বিভাগের ফাইনালে ভিয়েতনামকে হারিয়ে এই সাফল্য অর্জন করে লাল-সবুজের প্রতিনিধিরা। 

গতকাল ফুটবলে ভিয়েতনামের বিপক্ষে জাতীয় দলের জয় না পাওয়ার আক্ষেপ আজ আরচারদের হাত ধরে আনন্দে রূপ নিয়েছে।

ফাইনালে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করেন তিন কম্পাউন্ড আরচার— হিমু বাছাড়, রাকিব নেওয়াজ ও ঐশ্বর্য। শুরু থেকেই তারা লক্ষ্যভেদে দুর্দান্ত পারফর্ম করেন। 

নির্ধারিত রাউন্ড শেষে বাংলাদেশি আরচারদের সংগ্রহ দাঁড়ায় ২৩১ পয়েন্ট। বিপরীতে ভিয়েতনামের আরচ্যাররা করেন ২২৫ পয়েন্ট। ফলে ৬ পয়েন্টের ব্যবধানে দাপুটে জয় নিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে বাংলাদেশ।

এবারের টুর্নামেন্টে বাংলাদেশ অনেক বড় প্রত্যাশা নিয়ে গেলেও ব্যক্তিগত ও মিশ্র ইভেন্টগুলো ছিল হতাশাজনক। একক ও মিশ্র কোনো বিভাগেই বাংলাদেশ সেমিফাইনালে পৌঁছাতে পারেনি। 

তবে গত পরশু কম্পাউন্ড পুরুষ দলগত ইভেন্টের ফাইনালে উঠে বাংলাদেশের স্বর্ণ জয়ের আশা বাঁচিয়ে রাখেন হিমুরা। আজ সেই সুযোগটি দারুণভাবে কাজে লাগিয়ে শ্রেষ্ঠত্ব প্রমাণ করলেন তারা।

বাংলাদেশের আরচারিতে বড় সাফল্যগুলো সাধারণত রিকার্ভ ইভেন্টেই সীমাবদ্ধ ছিল। গত বছর এই টুর্নামেন্টের রিকার্ভ পুরুষ এককে আব্দুর রহমান আলিফ স্বর্ণ জিতেছিলেন। 

এই বড় অর্জনে উচ্ছ্বসিত বাংলাদেশ আরচারি ফেডারেশন। বাংলাদেশ ও এশিয়ান আরচারি ফেডারেশনের সভাপতি কাজী রাজিব উদ্দিন আহমেদ চপল স্বর্ণপদক জয়ীদের অভিনন্দন জানিয়েছেন। খেলোয়াড়দের কৃতিত্বের স্বীকৃতি হিসেবে তিনি পৃথকভাবে পদকজয়ীদের জন্য আর্থিক পুরস্কারের ঘোষণা দিয়েছেন।