ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

সেমিফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ২৬, ২০২৬, ০৩:০৯ পিএম
ছবি : সংগৃহীত

চীনের সানিয়ায় চলমান এশিয়ান বিচ গেমস কাবাডিতে গ্রুপ সেরা হওয়ার লড়াইয়ে নেপালের কাছে হেরে গেছে বাংলাদেশ। রোববার (২৬ এপ্রিল) সকালে অনুষ্ঠিত এক রুদ্ধশ্বাস ম্যাচে মাত্র ২ পয়েন্টের ব্যবধানে পরাজিত হয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। 

ম্যাচটি মূলত শুক্রবার (২৫ এপ্রিল) অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও বৃষ্টির বাগড়ায় তা মাঠে গড়ায়নি। সংশোধিত সূচি অনুযায়ী, আজ সকালে দুই দল যখন কোর্টে নামে, লক্ষ্য ছিল জয় নিয়ে সেমিফাইনালে ভারতকে এড়িয়ে চলা। তবে মাঠের লড়াইয়ে নেপালের কৌশলের কাছে শেষ পর্যন্ত নতি স্বীকার করতে হয় বাংলাদেশকে।

খেলার শুরু থেকেই দুই দলের মধ্যে ছিল হাড্ডাহাড্ডি লড়াই। প্রথমার্ধে আক্রমণ ও পাল্টা আক্রমণে খেলা জমে উঠলেও ১৯-১৭ পয়েন্টে এগিয়ে থেকে বিরতিতে যায় নেপাল। 

বিরতির পর বাংলাদেশ ব্যবধান ঘুচিয়ে ঘুরে দাঁড়ানোর আপ্রাণ চেষ্টা চালায়। কিন্তু নেপালের রক্ষণভাগের দৃঢ়তা এবং রেইডারদের ক্ষিপ্রতায় পয়েন্টের ব্যবধান শেষ পর্যন্ত বজায় থাকে। নির্ধারিত সময় শেষে ৩৮-৩৬ পয়েন্টের জয় নিয়ে মাঠ ছাড়ে নেপালি মেয়েরা।

গ্রুপ পর্বে দ্বিতীয় হওয়ায় নিয়মানুযায়ী অন্য গ্রুপের চ্যাম্পিয়ন ভারতের বিপক্ষে আজ বিকেলেই সেমিফাইনালে লড়তে হবে বাংলাদেশকে।