বিশ্বজুড়ে নগরায়ণ ও বিভিন্ন মানবসৃষ্ট কারণে দিন দিন বাড়ছে বায়ুদূষণ। দীর্ঘদিন ধরেই মেগাসিটি ঢাকা এই দূষণের কবলে রয়েছে। কিছুদিন আগে বায়ুমানে সাময়িক উন্নতি দেখা গেলেও সাম্প্রতিক সময়ে রাজধানীতে আবারও দূষণের মাত্রা বেড়েছে।
শুক্রবার (১৭ এপ্রিল) সকালেও ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’ অবস্থায় রয়েছে। আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণ সংস্থা আইকিউএয়ারের তথ্যানুযায়ী, এদিন ১৬৭ একিউআই স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম স্থানে রয়েছে ঢাকা।
তালিকার শীর্ষে রয়েছে ভারতের দিল্লি, যেখানে বায়ুমানের স্কোর ২৯৬। দ্বিতীয় স্থানে মিশরের রাজধানী কায়রো (২৮২), তৃতীয় স্থানে থাইল্যান্ডের চিয়াং মাই (১৯৩) এবং চতুর্থ স্থানে নেপালের কাঠমান্ডু (১৭৮) অবস্থান করছে।
একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।
২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেয়া হয়ে থাকে। এ ছাড়া ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা একিউআই ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন