বিশ্বজুড়ে দিন দিন বাড়ছে বায়ুদূষণ, যার প্রভাব স্পষ্টভাবে পড়ছে বাংলাদেশের রাজধানী ঢাকাতেও। গত ডিসেম্বর থেকে মেগাসিটি ঢাকায় বায়ুদূষণের মাত্রা প্রায়ই উচ্চ অবস্থানে থাকছে। চলতি মাসেও শহরটির দূষণের মাত্রা ওঠানামা লক্ষ্য করা যাচ্ছে।
রোববার (১৯ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণ সংস্থা আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, বিশ্বের দূষিত শহরের তালিকায় চতুর্থ স্থানে রয়েছে ঢাকা। এ সময় শহরটির বায়ুমান সূচক ছিল ১৫৭, যা ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত। এর আগের দিন শনিবার ঢাকার অবস্থান ছিল ২০তম এবং তখন স্কোর ছিল ৯৯, যা তুলনামূলকভাবে মাঝারি বা গ্রহণযোগ্য ধরা হয়।
তালিকার শীর্ষে রয়েছে ভারতের রাজধানী দিল্লি, যেখানে বায়ুমান সূচক ৪০৮ এটি বাসিন্দাদের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। একই দেশের কলকাতা ১০২ স্কোর নিয়ে ১৮তম অবস্থানে রয়েছে, যা সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর। এছাড়া মুম্বাইরে ৯১ স্কোর নিয়ে ২৩তম স্থানে রয়েছে, যেখানে বায়ুমান তুলনামূলকভাবে সহনীয়।
চীনের চারটি শহরও শীর্ষ ১০ এর তালিকায় রয়েছে। এর মধ্যে চীনের চেংডুর পঞ্চম (স্কোর ১৫৬),সেনজেন সপ্তম (১৫২), হাংজুর নবম (১২৪) এবং গুয়াংজু দশম (১২৪) অবস্থানে রয়েছে। প্রথম দুটি শহরের বায়ুমান ‘অস্বাস্থ্যকর’, আর পরের দুটি শহরের অবস্থা সংবেদনশীলদের জন্য ঝুঁকিপূর্ণ পর্যায়ে রয়েছে।
এদিকে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে থাইল্যান্ডের চিয়াং মাই (স্কোর ১৯১), তৃতীয় স্থানে নেপালের কাঠমান্ডু (১৭৮) এবং অষ্টম স্থানে হং কং (১৫২)। এসব শহরের বায়ুমানও অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।
একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।
২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেয়া হয়ে থাকে। এ ছাড়া ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা একিউআই ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন