ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

মে মাসে তীব্র তাপপ্রবাহ ও ঘূর্ণিঝড় নিয়ে নতুন বার্তা

রূপালী ডেস্ক
প্রকাশিত: মে ৩, ২০২৬, ০৫:৩৫ পিএম
ছবি : সংগৃহীত

চলতি মে মাসে দেশে তীব্র তাপপ্রবাহ বয়ে যেতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে এ মাসে তীব্র ঘূর্ণিঝড় হতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি।

রোববার (৩ মে) আবহাওয়ার অধিদপ্তরের এক পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে জানানো হয়, চলতি মাসে বঙ্গোপসাগরে ১-২টি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। এ ছাড়া এ মাসে দেশে একটি তীব্র (৪০-৪১.৯ সেলসিয়াস) তাপপ্রবাহ বয়ে যেতে।
 
আরও বলা হয়েছে, মে মাসে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এ সময়ে দেশে বিক্ষিপ্তভাবে শিলাসহ ৫-৮ দিন হালকা/মাঝারি যার মধ্যে ২-৩ দিন তীব্র কালবৈশাখী ঝড়সহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে এ মাসে দিন এবং রাতের তাপমাত্রা স্বাভাবিক থাকতে পারে।


 
তাপপ্রবাহের বিষয়ে বলা হয়েছে, এ মাসে দেশে ১-৩ টি মৃদু (৩৬-৩৭.৯ সেলসিয়াস)/মাঝারি (৩৮-৩৯.৯ সেলসিয়াস) যার মধ্যে ১টি তীব্র (৪০-৪১.৯ সেলসিয়াস) তাপপ্রবাহ বয়ে যেতে পারে।
 
একই সময় দেশের প্রধান নদ-নদীগুলোতে স্বাভাবিক প্রবাহ বিরাজমান থাকতে পারে। তবে বিচ্ছিন্ন ভারি বৃষ্টিপাতে দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলের নদী সমূহের পানি সমতল সময় বিশেষে বৃদ্ধি পেতে পারে।
 
অন্যদিকে, গত এপ্রিল মাসে সারাদেশে স্বাভাবিক অপেক্ষা বেশি ৭৫.৭ শতাংশ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। রাজশাহী বিভাগে স্বাভাবিক বৃষ্টিপাত এবং বাকি বিভাগগুলোতে স্বাভাবিক অপেক্ষা বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।