ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

যেমন থাকবে ঈদে আবহাওয়া

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: মে ২২, ২০২৬, ১১:২৯ এএম
আবহাওয়া অধিদপ্তর। ছবি : সংগৃহীত

দেশজুড়ে ভ্যাপসা গরমে জনজীবন চরম দুর্ভোগে পড়েছে। বর্তমানে দেশের অন্তত ১১টি জেলার ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। জেলাগুলো হলো- রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, ঢাকা, টাঙ্গাইল, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, যশোর, চাঁদপুর ও লক্ষ্মীপুর।

এসব অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ থেকে ৩৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে উঠানামা করছে। আর্দ্রতা বেশি থাকায় গরম আরও তীব্র অনুভূত হচ্ছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আসন্ন ঈদুল আজহার সময়েও তাপমাত্রা থেকে বড় ধরনের স্বস্তির সম্ভাবনা নেই। কোথাও কোথাও তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে।

আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির বলেন, ‘ঈদের দিন ঢাকায় বৃষ্টির সম্ভাবনা খুবই কম। বরং ঢাকা বিভাগের কিছু অংশে তাপপ্রবাহ বয়ে যেতে পারে।’

তিনি আরও জানান, আগামী ২৫ মে (সোমবার) পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ভারী বর্ষণ এবং দমকা হাওয়ার আশঙ্কাও রয়েছে। তবে ২৬ মে (মঙ্গলবার) থেকে আবারও তাপমাত্রা বৃদ্ধির প্রবণতা দেখা দিতে পারে।

আবহাওয়াবিদদের পূর্বাভাস অনুযায়ী, ঈদের দিন সিলেট, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে উত্তরাঞ্চল এবং রাজধানী ঢাকায় বৃষ্টির সম্ভাবনা তুলনামূলকভাবে কম।

এদিকে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে, আর আগামী ২৮ মে দেশে উদ্‌যাপিত হবে ঈদুল আজহা।

ঈদের সময় বঙ্গোপসাগরে একাধিক লঘুচাপ সৃষ্টি হয়ে তার মধ্যে একটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়াবিদ ড. মো. বজলুর রশিদ জানান, মে মাসের দ্বিতীয়ার্ধে বৃষ্টিপাত স্বাভাবিক থাকলেও কিছু অঞ্চলে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।

বিভাগভিত্তিক পূর্বাভাস অনুযায়ী, মে মাসে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হতে পারে সিলেট বিভাগে (৫২০–৫৪০ মিলিমিটার)। এরপর রয়েছে ময়মনসিংহ (৩৪০–৩৬০), চট্টগ্রাম (৩৩০–৩৫০), রংপুর (২৬০–২৮০), ঢাকা (২৫০–২৭০), বরিশাল (২২০–২৫০), রাজশাহী (১৭০–১৯০) এবং খুলনা (১৬০–১৮০ মিলিমিটার)।

এছাড়া এ মাসে ৫ থেকে ৮ দিন পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের কালবৈশাখী ও বজ্রঝড়ের সম্ভাবনা রয়েছে। এর মধ্যে ২ থেকে ৩ দিন তীব্র কালবৈশাখী ও শিলাবৃষ্টির আশঙ্কাও থাকতে পারে।

আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক বলেন, ‘কালবৈশাখীর মৌসুম চলায় ঝড়-বৃষ্টি হওয়া স্বাভাবিক। মে মাসের শেষ দিকে কিছু অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা থাকলেও নির্দিষ্টভাবে এখনই কিছু বলা যাচ্ছে না।’