বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় মালদ্বীপে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। মালদ্বীপ বিএনপি ও বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে এ জানাজার আয়োজন করা হয়।
বুধবার (৩১ ডিসেম্বর) মালদ্বীপের ইসলামিক সেন্টার বা সেন্ট্রাল মসজিদে বাদ আসরের নামাজ শেষে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় মুসল্লিদের পাশাপাশি বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি অংশ নেন।
জানাজা শেষে সংক্ষিপ্ত বক্তব্যে বাংলাদেশ হাইকমিশনের রাষ্ট্রদূত বলেন, বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বাংলাদেশে গণতান্ত্রিক চর্চা ও জনগণের অধিকার আদায়ের পথ সুদৃঢ় হয়েছে। তিনি মরহুমার দেখানো আদর্শ অনুসরণ করে দেশ ও জনগণের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। একই সঙ্গে তিনি খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় সবার কাছে দোয়া চান।
এদিকে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে মালদ্বীপে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে শোকবই খোলা হয়েছে। শোকবইয়ে স্বাক্ষর করেন মালদ্বীপে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার নিক লো এবং ভারতীয় হাইকমিশনার জি. বালাসুব্রহ্মণ্যম। তাঁরা মরহুমার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
অনুষ্ঠানে মালদ্বীপ বিএনপির সভাপতি মো. খলিলুর রহমান, সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলামসহ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। পাশাপাশি প্রবাসী সাংবাদিক, কমিউনিটি নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ জানাজায় অংশ নেন।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন